২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগের দাবি ব্যবসায়ীদের

চট্টগ্রাম বন্দরে পণ্য হ্যান্ডলিং ব্যয় হ্রাস এবং পণ্য ওঠা নামা ও সরবরাহে শৃঙ্খলা আনতে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 06:50 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

রুহুল আমিন রানা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে পণ্য হ্যান্ডলিং ব্যয় হ্রাস এবং পণ্য ওঠা নামা ও সরবরাহে শৃঙ্খলা আনতে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে ৫১টি স্টিভিডোর প্রতিষ্ঠান বন্দরে পণ্য উঠা-নামার কাজ করছে। তবে ব্যবসায়ীরা বলছে, মনোনীত এ সব বার্থ অপারেটর উচ্চ হারে মজুরি নিচ্ছেন এবং তাদের অব্যবস্থাপনার কারণে অনেক তৈরী পোশাক ব্যবসায়ীদের মালামাল সরবরাহে গড়মিল দেখা যাচ্ছে। বিজিএমইএ এর সহ-সভাপতি এম এ ছালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি বন্দর মনিটরিং কমিটির সভায় কয়েকবার উত্থাপন করা হয়েছে। তা সত্ত্বেও পরিস্থিতি আগের মতো রয়ে গেছে। তিনি বলেন, "দরপত্র আহ্বানের মাধ্যমে বন্দরে দক্ষ বার্থ অপারেটর নিয়োগ দেয়া এখন সময়ের দাবি।" চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের (সিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি এম এ লতিফের অভিযোগ, বার্থ অপারেটররা বর্তমানে যে হারে মজুরি নিচ্ছে তা অত্যন্ত বেশি। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিটাগাং চেম্বারের পক্ষ থেকে দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে তাগাদা দেয়া হচ্ছে। সাময়িক ব্যবস্থা হিসাবে কয়েক মাসের জন্য মনোনীত বার্থ অপারেটরদের নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু সাত মাস পার হয়ে গেলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।" এম এ লতিফ বলেন, "দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগে বিলম্বের কারণে এখন যে বাড়তি মজুরি দিতে হচ্ছে তাতে ব্যবসায়ীদের আমদানি ও রপ্তানি ব্যয় বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে পণ্য মূল্যের ওপর।" প্রতিযোগিতামূলক ভাবে বার্থ অপারেটর নিয়োগ দেয়া হলে মজুরি হার কমে আসবে বলে তিনি মন্তব্য করেন। বেশি মজুরি নেয়ার অভিযোগ প্রসঙ্গে বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস অ্যাসোসিয়েশনের (বিএমএসএ) চেয়ারম্যান ও বার্থ অপারেটরদের মুখপাত্র ফজলে একরাম চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিটাগাং চেম্বার অনুমোদিত হারেই বার্থ অপারেটররা শ্রমিক মজুরি নিচ্ছেন। বাড়তি একটি পয়সাও নেয়া হচ্ছে না।" বিএমএসএ সভাপতি বলেন, "দরপত্র আহ্বানের মাধ্যমে নতুন করে বার্থ অপারেটর নিয়োগ দেয়া হলে অর্থ বিত্তে প্রভাবশালী কতিপয় প্রতিষ্ঠানই তাতে কাজের সুযোগ পাবে। আর্থিক দিক থেকে দুর্বল অথচ দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় দক্ষ বার্থ অপারেটররা তাতে ছিটকে পড়তে পারেন। এতে বন্দর নতুন করে কতিপয় ভূঁইফোর ও প্রভাবশালী গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।" বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বন্দরে সংস্কারের অংশ হিসাবে মাস্টার স্টিভিডোরিং প্রথা বাতিল করা হয়। সে স্থলে চালু হয় বার্থ অপারেটর পদ্ধতি। তবে এ বার্থ অপারেটরের দায়িত্ব ভাগ করে দেয়া হয় বন্দর কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত ৫১টি মাস্টার স্টিভিডোর প্রতিষ্ঠানের মধ্যে। এ বার্থ অপারেটরা বর্তমানে বন্দরের বিভিন্ন বার্থ এবং বহির্নোঙ্গরে জাহাজ থেকে পণ্য ওঠানামা, নির্দিষ্ট স্থানে সংরক্ষণ এবং সরবরাহের কাজ করে থাকে। এ পদ্ধতিতে বার্থ অপারেটরদেরকে ডক শ্রমিক কিংবা বাইরের শ্রমিক নিয়োগের ক্ষমতা দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ৫১ স্টিভিডোর প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্ব ভাগ করে দেয়া হলেও পরবর্তীতে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সে সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি। এদিকে, বন্দরে বাতিল হয়ে যাওয়া মার্চেন্ট শ্রমিকরা বার্থ অপারেটরদের চেয়ে তুলনামূলক কম মজুরিতে বন্দরে মালামাল বোঝাই ও খালাসের কাজ করার সুযোগ চেয়ে গত ২৮ অক্টোবর সিসিসিআই, এফবিসিসিআই, ডিসিসিআই ও বিজিএমইএকে চিঠি দিয়েছে। অধুনা বিলুপ্ত মার্চেন্ট শ্রমিকদের পক্ষে মীর নওশাদ স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, আগে শ্রমিকদের মজুরির পরিমাণ অনেক কম ছিল। অথচ এখন উচ্চ হারে মজুরি দেয়া হলেও মালামাল পৌঁছে দেয়ার ক্ষেত্রেও অনেক বেশি সময় লাগছে এবং কখনও কখনও গড়মিল দেখা যাচ্ছে। মার্চেন্ট শ্রমিকদের প্রস্তাবে বলা হয়েছে, তাদের কাজ করতে সুযোগ দেয়া হলে ৪০ ফুট কন্টেইনারের ক্ষেত্রে তারা বার্থ অপারেটরদের নির্ধারিত হার ১৮০০ টাকার চেয়ে ৭০০ টাকা কম নিয়ে ১১০০ টাকায় কাজ করবেন। গার্মেন্টস পণ্য সরবরাহরের ক্ষেত্রে তারা আরো বেশি ছাড় দেবার প্রস্তাবও দিয়েছেন। এ প্রসঙ্গে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিশেনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বার্থ অপারেটরদের মজুরিকে অনেক বেশি উল্লেখ করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মার্চেন্ট শ্রমিকরা যদি কম টাকায় কাজ করতে পারে, তাহলে বার্থ অপারেটরদের বেশি মজুরি নেয়ার যুক্তি নেই।" বিজিএমইএ পরিচালক এ এম মাহবুব চৌধুরী বার্থ অপারেটরদের মজুরির হারকে অত্যধিক উল্লেখ করে বলেন, "এটি আগের চেয়ে প্রায় দ্বিগুণ। এতে আমদানি ও রপ্তানি খরচ অনেক বেশি হচ্ছে।" তার মতে, দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ করা হলে পুরো প্রক্রিয়াটিতে একচেটিয়া আধিপত্যের অবসানের পাশাপাশি কাজে স্বচ্ছতা এবং ব্যয় কমে আসবে। তবে বার্থ অপারেটরদের মুখপাত্র ফজলে একরাম মার্চেন্ট শ্রমিকদের প্রস্তাব সম্পর্কে বলেন, "বন্দরকে আবারও যদি কেউ জিম্মি দশায় দেখতে চান তবেই বার্থ অপারেটরদের বাদ দিয়ে মার্চেন্ট শ্রমিকদের প্রস্তাব বিবেচনা করতে পারেন।" দরপত্রের মাধ্যমে বার্থ অপারেটর নিয়োগ প্রসঙ্গে বন্দর চেয়ারম্যান কমোডোর এম ফারুক গত ২৮ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জানান, বার্থ অপারেটরদের নিয়োগে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী দুই/তিন মাসের মধ্যে দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ দেয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/এমআই/১২৪৩ ঘ.