২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে নিউমোনিয়ার প্রাদুর্ভাব, বিশেষজ্ঞরা বলছেন এটা স্বাভাবিক

কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ গত ১০ দিনে নয় শিশুর মৃত্যুর খবর নিশ্চত করেছে। তবে স্থানীয় জনপ্রতিনধি ও এলাকাবাসীর দাবি নিউমোনিয়ায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। জেলা সদর হাসপাতাল, রামু, উখিয়া, টেকনাফ, চকরিয়া ও মহেশখালী এলাকা থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আক্রান্ত হয়েছে আরও কমপক্ষে তিনশ শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 03:44 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

কক্সবাজার, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ গত ১০ দিনে নয় শিশুর মৃত্যুর খবর নিশ্চত করেছে। তবে স্থানীয় জনপ্রতিনধি ও এলাকাবাসীর দাবি নিউমোনিয়ায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। জেলা সদর হাসপাতাল, রামু, উখিয়া, টেকনাফ, চকরিয়া ও মহেশখালী এলাকা থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আক্রান্ত হয়েছে আরও কমপক্ষে তিনশ শিশু। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নুরুল করিম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের হিসাব মতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১০ দিনে মারা গেছে নয় শিশু। তিনি জানান, "যারা হাসপাতালে মারা যাচ্ছে কেবল সেই শিশুদেরই তথ্য তাদের হাতে রয়েছে। বাসা বাড়িতে যারা মারা যাচ্ছে তাদের কোন পরিসংখ্যান জেলা স্বাস্থ্য বিভাগে নেই। অবশ্য জেলা সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা এই অবস্থাকে স্বাভাবিক বলে উল্লেখ করছেন। নিউমোনিয়ার প্রাদুর্ভাবের কারণ খতিয়ে দেখতে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্রের পাঁচ সদস্যের এক পরিদর্শক দল। তারা শনিবার সারাদিনে প্রায় ৫২ জন নিউমোনিয়া আক্রান্ত শিশুর অবস্থা পর্যবেক্ষণ করেছেন। আক্রান্ত শিশুদের রক্ত ও কফ সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানোর ব্যবস্থা করছেন। জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মনির উদ্দিন চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এই হাসপাতালে শুক্রবার মারা গেছে তিন শিশু। এদের মধ্যে দুজন নিউমোনিয়ায় ও একজন মারাত্মক জীবাণু সংক্রমণে (সেফটিসেমিয়া) মারা গেছে। এরা হল উখিয়ার নবী হোসেনের আড়াই মাস বয়সী ছেলে সাইফুল, সদর উপজেলার ভারুয়াখালীর কমল হোসেনের দেড় মাস বয়সী মেয়ে বেবী এবং শহরের সাব্বির আহমদের একদিন বয়সী ছেলে বাবু। ডা. মনির উদ্দিন চৌধুরী জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যে সব শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে তারা সর্বোচ্চ তিনঘন্টার মধ্যে মারা যাচ্ছে। শেষ মুহুর্তে হাসপাতালে আনার কারণেই এ রকম হচ্ছে। জেলা সদর হাসপাতালের আরেক আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিসবাহ উদ্দিন আহমদ জানান, নভেম্বরের ১ থেকে ৮ তারিখ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে নয় শিশু। এদের মধ্যে শুধু জেলা সদর হাসপাতালে মারা গেছে আটজন। এছাড়া ব্রংকাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ১৬৭ জন। এদের মধ্যে জেলা সদর হাসপাতালে ৬৬ জন, চকরিয়ায় ১০ জন, মহেশখালীতে নয়জন, রামুতে ২২ জন, উখিয়ায় ২৬ জন ও টেকনাফে ২৯ জন ভর্তি আছে। তিনি আরও জানান, অক্টোবর মাসে জেলার বিভিন্ন এলাকায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৭ শিশু মারা গেছে। এদের মধ্যে রামুতে নয়জন, সদর উপজেলায় দুজন, টেকনাফে দুজন, চকরিয়ায় দুজন ও উখিয়ায় দুজন। এই মাসে শুধুমাত্র জেলা সদর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল ২১৩টি শিশু। এদের মধ্যে ১৯৬ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইসমাইল, মহেশখালীর কুতুবজোম ইউপি চেয়ারম্যান কবির আহাম্মদ সওদাগর, কুতুবদিয়া পাড়া সমবায় সমিতির সভাপতি নুরুল আলম হেলালী, ঝিলংজা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম মেম্বার, খুরুস্কুল ইউপি চেয়ারম্যান আব্দুল মাবুদ প্রমুখের দেওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা আরও বেশি। তারা জানান, গত ৬ ও ৭ নভেম্বর জেলার বিভিন্ন স্থানে মারা গেছে ১৬টি শিশু। এরা হল শহরের সমিতি পাড়ার বাদশা মিয়ার চার মাসের ছেলে বাবু, কুতুবদিয়া পাড়ার সৈয়দ আলমের আট মাস বয়সী ছেলে রবিউল, নুনিয়াছড়ার মনির উল্লাহর সাড়ে তিন মাস বয়সী মেয়ে ফারিয়া, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উখিয়া তেলখালী গ্রামের আবুল কালামের ২৫ দিন বয়সী হাসিনা, টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নাইট্যং পাড়ার নজির আহমদের চার মাসের মেয়ে গোলমেহের, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পাড়ায় আবদুল মজিদের নয় মাস বয়সী শিশু করিম, শাহপরী দ্বীপের মিস্ত্রি পাড়ার নজির আহমদের দুই মাস বয়সী মেয়ে সফিকা ও দক্ষিণ পাড়ার কালামিয়ার ছেলে আলম (২), টেকনাফ পৌর এলাকার নাইট্যং পাড়ার আহমদ হোসেনের ছয় মাস বয়সী মদিনা, মাঠপাড়ার মৌলভী কামালের ছেলে জলিল (২), উখিয়ার বালুখালী গ্রামের রহমত উল্লাহর আট মাস বয়সী শিশু কাদের, মহেশখালীর পানেরছড়া এলাকার মনির আহমদের আড়াই মাস বয়সী শিশু কাদের, কক্সবাজার সমিতি পাড়ার সৈয়দ নুরের দেড় বছর বয়সী মেয়ে করিমন, কুতুবদিয়া পাড়ার কবির আহমদের আড়াই মাস বয়সী মেয়ে বেবী, ফদনারডেইল এলাকার নুরুল আলমের ছেলে রানা (৩), খুরুস্কুলের তেতৈয়া গ্রামের করিম উল্লাহর আড়াই মাস বয়সী শিশু পারভেজ ও চৌফলদন্ডীর ফজল আহমদের সাড়ে নয় মাস বয়সী শিশু লাভলী। ৮ ও ৯ নভেম্বরও আরও কয়েকজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হল- টেকনাফের নাইট্যং পাড়ার হামজা আলীর ছেলে তুহিন, কেরুনতলীর আলী আকবরের তিন মাসের মেয়ে মনি, মহেশখালিয়া পাড়ার সোহেল, মহেশখালীর কুতুবজোমের দিনমজুর নজির আহমদের ২৪ দিন বয়সী মেয়ে সাইফুল, সোনাদিয়ার কাসিম আলীর ২৫দিন বয়সী ছেলে, কক্সবাজার শহরতলীর ফদনারডেইল চরের সৈয়দ নুরের তিন মাস বয়সী ছেলে মনির, নুনিয়াছড়ার সোনা আলীর ১১ মাস বয়সী মেয়ে ফাতেমা আকতার ও পাহাড়তলীর কালাবদার দুই মাস বয়সী মেয়ে বেবী। জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. অরূপ দত্ত বাপ্পী জানান, বছরের এই সময়ে সর্দি, কাশি, ব্রংকাইটিস ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। এটা অস্বাভাবিক কিছু নয়। তিনি বলেন, আবহাওয়ার পরিবর্তন ও ভাইরাসজনিত কারণে শিশুরা প্রথমে সর্দি, কাশি, জ্বর ও ব্রংকাইটিসে আক্রান্ত হয়। পরে তা নিউমোনিয়ায় রূপ নেয়। ডা. অরূপের মতে, সঠিক সময়ে চিকিৎসকের কাছে পৌঁছানো গেলে এই রোগে মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব। তবে অধিকাংশ অভিভাবকই অসচেতন হওয়ায় শেষ মুহুর্তে হাসপাতালে নিয়ে আসেন। বাংলাদেশ সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ও বাংলাদেশ আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) পাঁচ সদস্যের যৌথ পরিদর্শক দল শুক্রবার রাতে কক্সবাজার পৌঁছেছেন। আইইডিসিআর'র চিকিৎসা কর্মকর্তা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শনিবার দলটি জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন। ওই দলের সদস্য ডা. সারওয়ার মাহবুব জানান, তারা সারাদিনে ৫২ জন নিউমোনিয়া আক্রান্ত রোগীর কফ ও অন্তত ১০ রোগীর রক্ত সংগ্রহ করেছেন। ওই রক্ত ও কফ ঢাকায় পাঠানো হবে পরীক্ষার জন্য। তিনি আরও জানান, তারা যে সব এলাকা থেকে নিউমোনিয়ায় আক্রান্ত রোগী বেশি আসছে সেই সব এলাকায়ও যাবেন। ওই সব এলাকার পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করবেন। জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নুরুল করিম খান জানান, সরকারের স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাইদুর রহমানও শুক্রবার রাতে জেলা সদর হাসপাতাল এবং শনিবার উখিয়া ও টেকনাফ হাসপাতাল পরিদর্শন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩০ ঘ.