চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী বধ্যভূমি সংরক্ষণ এবং সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে প্রজন্ম '৭১ এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
চট্টগ্রাম বধ্যভূমি দিবস উপলক্ষে শনিবার পাহাড়তলীতে এ দুই সংগঠন যৌথভাবে প্রদীপ প্রজ্জলনের কর্মসূচি পালন করে।
এরপর সংক্ষিপ্ত বক্তব্যে প্রজন্ম '৭১ চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক গাজী সালেহ উদ্দিন চট্টগ্রাম বধ্যভূমি সংরক্ষণ এবং সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য বর্তমানের সরকারের প্রতি আহ্বান জানান।
যুদ্ধাপরাধীদের বিচারে নতুন করে আন্দোলন গড়ে তুলতেও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সালেহ উদ্দিন বলেন, "মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর কর্তৃক গণহত্যায় ব্যবহৃত ভূমি যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি বলেই আজ রাজাকাররা ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের সাহস পাচ্ছে।"
তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে পাহাড়তলী বধ্যভূমিতে ইউএসটিসি নামে একটি বিশ্ববিদ্যালয় ইমারত নির্মাণ করছে। তিনি অবিলম্বে স্থাপনা উচ্ছেদ করে সেখানে স্মৃতি স্তম্ভ গড়ে তোলার দাবি জানান।
প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে চট্টগ্রাম লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক হোসাইন কবীর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শওকত বাঙালী, প্রজন্ম '৭১ এর সলিল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২০১৩ ঘ.
bdnews24