বান্দরবান, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আকস্মিক ঝড়ে বান্দরবানের বিভিন্ন এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
শুক্রবার মধ্য রাত থেকে জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বইতে থাকে। শহরের হাফেজঘোনা, মেম্বারপাড়াসহ বিভিন্ন এলাকায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। শহরের পশু হাসপাতালের সামনে গাছের ডাল পড়ে বিদ্যুতের তারে আগুন ধরে গেলে দমকল বাহিনী গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ আলাউদ্দিন জানান, ঝড়ো হাওয়ায় বিভিন্ন স্থানে বিদ্যুতের তারে গাছের ডাল পড়ায় রাত ১২টা থেকে সকাল ১১টা পর্যন্ত ১০ ঘণ্টা ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৬ ঘ.
bdnews24