কক্সবাজার, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে শিক্ষা সফরে এসে শুক্রবার বিকেলে তিন স্কুল ছাত্র সাগরে ভেসে যায়। চট্টগ্রামের মেরন সান স্কুল অ্যান্ড কলেজের বহদ্দারহাট শাখার এই তিনজনের মধ্যে আবদুল হান্নান ওয়াসিফের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। সে অষ্টম শ্রেণীতে পড়ত। একই ক্লাসের ছাত্র শফিউল হোসেন (১৪) ও জালাল উদ্দিন শাকিব (১৩) নিখোঁজ রয়েছে।
সমুদ্র সৈকতে দায়িত্বরত বেসরকারি ইয়াসির লাইফ গার্ডের পরিচালক কামাল উদ্দিন জানান, মেরন সান স্কুলের ছাত্ররা বেলা সাড়ে ৩টার দিকে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে বালুচরে ক্রিকেট খেলে। সে সময় ভাটা ছিল। ঘণ্টাখানেকের মধ্যে জোয়ার শুরু হলে তিনজনই সাগরে ভেসে যায়।
তিনি বলেন, অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সৈকতের হোটেল সী-ইন পয়েন্টে ওয়াসিফের লাশ ভেসে উঠে।
মেরন সান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোশতাক আহমদ জানান, ৯৩ জন ছাত্র ও ৭ জন শিক্ষকের দল নিয়ে তারা সকালে কক্সবাজার এসে তাদের এক প্রধান শিক্ষকের স্থানীয় বাড়িতে উঠেন। বিকেল সাড়ে ৩টার দিকে সৈকতে নামেন। সাগরের ঢেউয়ে সৃষ্টি হওয়া এই বালুচরে ছাত্ররা ক্রিকেট খেলা শুরু করে। হঠাৎ জোয়ার এলে তারা খেলা অবস্থায় পানিতে আটকে পড়ে। এক পর্যায়ে তিন ছাত্র ভেসে যায়।
কক্সবাজার থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. হাবিব বলেন, "একজন ছাত্রের লাশ পাওয়া গেলেও এখনো দু'জন নিখোঁজ রয়েছে। উদ্ধার করা ছাত্রের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে।"
শিক্ষক মোশতাক আহমদ জানান, "রাত হয়ে যাওয়ায় নিখোঁজ দুই ছাত্রের সন্ধান করা সম্ভব হচ্ছে না। আগামীকাল (শনিবার) সকালে উদ্ধারের চেষ্টা করা হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএইচবি/২৩৫৩ ঘ.
bdnews24