২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মজুদ থাকা সত্ত্বেও শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের কৃষকদের মাঝে সময় মত সার বিতরণ না করায় শুক্রবার উপজেলা কৃষি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না জানাতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

মানিকগঞ্জ, নভেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) - মজুদ থাকা সত্ত্বেও শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের কৃষকদের মাঝে সময় মত সার বিতরণ না করায় শুক্রবার উপজেলা কৃষি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না জানাতে বলা হয়েছে। একই কারণে উথলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার কয়েকশ কৃষক সারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। জেলা প্রশাসক মো. আতাউর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন জরুরি বৈঠক করে। বৈঠকে শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লাকে বরখাস্তের সুপারিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোলেমান খানকে কারণ দর্শানোর নোটিশ ও উথলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. চাঁন মিয়াকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি জানান, সুপারিশ অনুযায়ী শুক্রবার কৃষি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত মন্ত্রণালয়ের একটি চিঠি তারা পেয়েছেন। এছাড়া ইউএনওর বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে বলা হয়েছে। জেলা প্রশাসক জানান, বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি জানান, উথলী ইউনিয়নের ডিলারকে নভেম্বর মাসের জন্য ৪৫ মেট্রিক টন ইউরিয়াসহ অন্যান্য সারের বরাদ্দ দেওয়া হয়েছে। ৫ নভেম্বর মধ্যে তিনি এসব সারের সরবরাহ পান। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত কৃষকদের মাঝে তা বিতরণ করা হয়নি। চলতি মৌসুমের জন্য আগের চাহিদার অতিরিক্ত সার প্রাপ্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে শুক্রবার রাতে ইউএনও সোলেমান খানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশাসনের কাছ থেকে তিনি কারণ দর্শানোর কোন নোটিশ পাননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৪ ঘ.