২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়রিয়া ধরনের রোগে কোম্পানীগঞ্জে আরও পাঁচজনের মৃত্যু

কোম্পানীগঞ্জ উপজেলার দুটি গ্রামে ডায়রিয়া ধরনের রোগে আক্রান্ত হয়ে শুক্রবার চার শিশুসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় এ রোগে ১৯ জন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 02:45 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

সিলেট, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কোম্পানীগঞ্জ উপজেলার দুটি গ্রামে ডায়রিয়া ধরনের রোগে আক্রান্ত হয়ে শুক্রবার চার শিশুসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় এ রোগে ১৯ জন মারা গেছে। সিলেট জেলা সিভিল সার্জন ডা. এ জেড মাহবুব আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোগটি ডায়রিয়া নয়। ভাইরাসজনিত হতে পারে। রোগ নির্ণয়ে পরীক্ষা চলছে। মারা যাওয়া পাঁচজন হল - দিনা বেগম (৯), রোজিনা বেগম (৯), আসমা বেগম (৮), রমানা আক্তার (৪) ও হনুফা বেগম (৪০)। এর মধ্যে চার শিশুর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার ডালারপাড়। হনুফার বাড়ি উপজেলার বটের গ্রাম। ডালারপাড় গ্রামের একজন বাসিন্দা আবদুল হাফিজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডায়রিয়া ধরনের রোগে এ চার শিশু মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সৌমিত্র রায় জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে দিনা বেগম নামে এক শিশু মারা গেছে। বাকী তিনজনের মৃত্যু খবর তিনি জানেন না। সিলেট জেলা সিভিল সার্জন ড. এ জেড মাহবুব আহমদ বিডিনিউজকে জানান, তিনি হনুফা বেগম নামে একজনের মৃত্যুর খবর পেয়েছেন। শিশুদের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেননি। কোম্পানীগঞ্জ উপজেলার দুটি গ্রামে আক্রান্ত ১৪ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন। সিভিল সার্জন জানান, রোগ মোকাবেলায় এলাকায় চিকিৎসক দল সার্বক্ষণিকভাবে কাজ করছে। এর আগে বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ি গ্রামে পাঁচ শিশু মারা যায়। গত সপ্তাহের শনিবার থেকে বুধবার পর্যন্ত গোয়াইঘাট উপজেলার লাঠি গ্রামে মারা গেছে নয় জন। এদের বেশির ভাগই শিশু। ডা. মাহবুব আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা অনুমান করছি 'ভাইরাল এনকেপ্যালাইটিস' রোগে আক্রান্ত হয়ে এরা মারা গেছে। সঠিকভাবে রোগটি নির্ণয়ের জন্য পরীক্ষা চলছে।" স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এম এ মালেক ঘটনাস্থল পরিদর্শন করে পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে ঢাকা নিয়ে গেছেন। ফিরে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের কাছে রোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লাঠি গ্রামে গত শনিবার থেকে ডায়রিয়া ধরনের এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। প্রথমে ডায়রিয়া মনে করা হলেও স্থানীয় চিকিৎসকরা পরে জানান, এটি ডায়রিয়া নয়, ভাইরাস সংক্রমণ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৮ ঘ.