গোপালগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার মধ্যে সভা করার অভিযোগে গোপালগঞ্জে ছাত্র শিবিরের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সংগঠনটির জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছয়েরউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকালে জেলা শহরের মিয়াপাড়ায় রোকন উদ্দিন ট্রাস্টের লাইব্রেরিতে বসে গোপনে বৈঠক করার সময় ১০ শিবির নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে রাতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ছাত্র শিবিরের গোপালগঞ্জ জেলা সভাপতি মো. মনিরুজ্জামান খান আলমগীর (২৫), সাধারণ সম্পাদক মো. সোলাইমান সিদ্দিকী বাদল (২২), কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সদস্য মো. রফিকুল ইসলাম (২৫), গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ শাখার কর্মী মো. মোকাররম বিল্লাহ (২২), মাসুম বিল্লাহ(২১), নাজমুল হোসেন (১৯), গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসার ছাত্র ও সংগঠনের সাথী ইনামুল হক (২২), কাশিয়ানী পিংগুলিয়া মাদ্রাসার ছাত্র সৈয়দ ইকরামুল (১৮), জয়নগর এস ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মো. মামুন খন্দকার (১৭) ফরিদপুর জেলার মালা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মো. সোহরাব হোসেন শেখ (১৪)। এদের বাড়ি গোপালগঞ্জ, ফরিদপুর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
ওসি ছয়েরউদ্দিন বলেন, "জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে তারা সভা করছিল, তা তদন্ত শেষে জানা যাবে।"
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে জরুরি বিধিমালায় সদর থানায় একটি মামলা করেছে বলে পুলিশ কর্মকর্তা ছয়েরুদ্দিন জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, জরুরি অবস্থার মধ্যেই ছাত্র শিবির নেতা-কর্মীরা ওই এলাকায় প্রায়ই বৈঠক করতো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.
bdnews24