২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে আমিন হুদা কারাগারে

ইয়াবা ব্যবসায়ী আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক হাসানকে তিন দফায় ৯ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 02:16 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ইয়াবা ব্যবসায়ী আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক হাসানকে তিন দফায় ৯ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। দুই দিনের রিমান্ড শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দুটি মামলায় বৃহস্পতিবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলা দুটির তদন্ত কর্মকর্তা আমিনুর রশিদ আদালতে রিমান্ড ফেরত প্রতিবেদন দেন। এতে বলা হয়, অভিযুক্তরা জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসা সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই বাছাই করে দেখা হচ্ছে। আপাতত জিজ্ঞাসাবাদের প্রয়োজন না থাকায় আসামিদের কারাগারে পাঠানোর আবেদন জানানো হয় ওই প্রতিবেদনে। এ সময় অভিযুক্তদের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ আহমেদ গাজী, মঞ্জুর আলম ও চৈতন্য চন্দ্র হালদার আদালতের কাছে আমিন হুদা ও হাসানের জামিনের আবেদন জানান। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শওকত আলী চৌধুরী জামিনের আবেদন নাকচ করে অভিযুক্তদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৫ অক্টোবর গভীর রাতে র‌্যাব-১ এর একটি দল আমিন হুদা ও তার প্রতিষ্ঠানের কর্মী আহসানুল হক হাসানকে গ্রেপ্তার করে। ওই অভিযানে আমিন হুদার গুলশানের বাসা ও অফিস থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৬ অক্টোবর আমিন হুদা ও হাসানের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়। এরপর তাদের দুজনকে তিন দফায় মোট নয় দিনের রিমাণ্ডে নেয় গুলশান থানা পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএ/২০১০ ঘ.