২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পুলিশসহ দু'জন গুলিবিদ্ধ

মঙ্গলবার রাত থেকে প্রায় ২৪ ঘন্টায় রাজধানীতে দু'জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন নিরাপত্তাকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 03:35 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- মঙ্গলবার রাত থেকে প্রায় ২৪ ঘন্টায় রাজধানীতে দু'জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন নিরাপত্তাকর্মী। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব বাসাবোর আগমন সিনেমা হলের সামনে গুলিবিদ্ধ হয়েছেন হলের নিরাপত্তাকর্মী আবুল মিয়া (৪৫)। বাঁ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সবুজবাগ থানার উপ-পরিদর্শক শরীফ ফারুক জানান, ঘটনার সময় দুই যুবক আগমন সিনেমা হল লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি করে। এসময় নিরাপত্তাকর্মী আবুল মিয়া দৌড়ে এলে তিনি গুলিবিদ্ধ হন। গুলি করেই যুবকরা দ্রুত পালিয়ে যায়। এর আগে বুধবার ভোররাতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন শিল্পাঞ্চল (তেজগাঁও) থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক (৩৭) । শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক আসমা আকতার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে নাবিস্কো মোড়ে একটি প্রাইভেটকার থেকে আব্দুর রাজ্জাককে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। গুলি তার ডান কনুইয়ে লাগে। আসমা আকতার জানান, আব্দুর রাজ্জাক কাদিয়ানী মসজিদে দায়িত্বপালনশেষে থানা হয়ে ফেরার পথে ওই ঘটনা ঘটে। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। রাজধানীতে এ নিয়ে সোম থেকে বুধবার পরপর তিনরাতে একজন আনসার সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হলো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এসকে/২১২২ঘ.