২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়া ও ফরিদপুরে দুই ব্যক্তি খুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ভ্যানচালককে হত্যা করেছে সন্ত্রাসীরা। এদিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে খুন হয়েছেন এক ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ভ্যানচালককে হত্যা করেছে সন্ত্রাসীরা। এদিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সন্ত্রাসীদের অস্ত্রাঘাতে খুন হয়েছেন এক ব্যবসায়ী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ফরিদপুর প্রতিনিধি জানান, নগরকান্দার মধ্য জগদিয়া গ্রামে মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা কুপিয়ে খুন করে হার্ডওয়্যার ব্যবসায়ী অমল চন্দ্র দাশকে (৩৬)। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ারেছ আলী জানান, মঙ্গলবার রাতে উপজেলা সদরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা অমলের ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কমল চন্দ্র দাশ বাদি হয়ে একটি মামলা করেছেন জানিয়ে ওসি বলেন, "পুলিশ এজাহারভুক্ত আসামি রিপন, মণ্টু ও মনাকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।" কুষ্টিয়া প্রতিনিধি জানান, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছি গ্রামে মঙ্গলবার এক ভ্যান চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ভ্যান চালক সাহেব আলী (৪০) মিরপুর উপজেলার নওদা কুর্শা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তক্কেল মন্ডল। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান জানান, সাহেব আলী সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। মঙ্গলবার দুপুরে তিলকান্দা মাঠের একটি ধানক্ষেতে গলায় রশি প্যাঁচানো অবস্থায় সাহেব আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮৪৬ ঘ.