পটুয়াখালী, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভেজাল ফলের রস উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে পটুয়াখালী শহরের একটি কারখানায় অভিযান চালিয়ে মালিকসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। বুধবারের ওই অভিযানে ফলের রস তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প অধিনায়ক মেজর ওসমান গনি জানান, নবাবপাড়া এলাকায় সকালে চালানো অভিযানে কারখানা মালিক কামাল ও আলিমসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কামালের আদালত পাড়ার বাসায় দুপুরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ৩০ লাখ টাকার ফলের রস তৈরির সরঞ্জাম।
কারখানাটিতে উৎপাদিত ফলের রস প্রাণ, বনফুলসহ বিভিন্ন কোম্পানির নামে বাজারজাত করা হতো বলে জানান র্যাব অধিনায়ক। অভিযানে বিভিন্ন কোম্পানির মনোগ্রামযুক্ত ১০ হাজার বোতল রসও উদ্ধার করা হয়েছে।
মেজর ওসমান গনি জানান, গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলো- তুহিন, ফারুক ও জালাল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএস/এসএনডি/১৮১৫ ঘ.
bdnews24