বাগেরহাট, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরের যুবদল নেতা বাচ্চু হত্যা মামলায় আট জন ও ফকিরহাটের বেল্লাল হোসেন মোল্ল্যাকে অ্যাসিড নিক্ষেপের অপর একটি মামলায় ইউপি চেয়ারম্যানসহ সাত জনের জামিন আদেশ স্থগিত করে তাদের কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওসমান হায়দার বাচ্চু হত্যা মামলার শুনানি শেষে জামিনে থাকা আট আসামির জামিন আদেশ স্থগিত করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরা হলেন সরদার মাসুদুর রহমান, খান আবু বক্কর, আবুল হোসেন, আনিস শেখ, বাচ্চু পাইক, হাবলা খোকন, শারাফত খোন্দকার ও হাবি দাই। এরা সবাই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
আগামী ২৪ নভেম্বর এই মামলায় রায় দেওয়ার তারিখ ধার্য করেছে আদালত। এই মামলার ১৪ আসামির মধ্যে এখন চার জন পলাতক।
প্রসঙ্গত, ১৯৯৫ সালের ২৭ আগস্ট শহরতলির পচা দিঘির পাড়ে যুবদল নেতা আলিমুল হুদা বাচ্চুকে কুপিয়ে হত্যা করা হয়।
এদিকে বেল্লাল হোসেন মোল্ল্যাকে এসিড ছুড়ে চোখ নষ্ট করে দেয়ার মামলায় অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ নূরুন্নাহার ওসমানী ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউপি চেয়ারম্যান এম এ আউয়াল ও তার ভাই ওয়াছির শেখসহ সাত আসামির জামিন আদেশ স্থগিত করে কারাগারে পাঠিয়েছে।
মামলার অপর আসামিরা হলেন মোস্তাক ফকির, আকরাম হাওলাদার, সেকেন্দার হাজরা, কামরুল শেখ ও আব্দুল কাদের।
শেখ সাদী ও তুষার সরদার নামে এই মামলার অপর দুই আসামি আগে থেকে কারাগারে আটক রয়েছে। আদালত মামুন খান নামে অপর এক অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি দেয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বড় বোনের উপর নির্যাতনের প্রতিবাদ করায় ২০০৪ সালের ৪ এপ্রিল আসামিরা ভূমিহীন বেল্লাল হোসেনকে পিটিয়ে ও চোখে এসিড দিয়ে হত্যার চেষ্টা করে। গত ২৮ সেপ্টেম্বর এই মামলার অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭৫৪ ঘ.
bdnews24