২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম হাওর সম্মেলন ৮ ডিসেম্বর

আগামী ৮ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে দেশের প্রথম হাওর সম্মেলন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দু'দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন পানি সম্পদ উপদেষ্টা ডা. এ এস এম মতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 03:18 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী ৮ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে দেশের প্রথম হাওর সম্মেলন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দু'দিনের এই সম্মেলনের উদ্বোধন করবেন পানি সম্পদ উপদেষ্টা ডা. এ এস এম মতিউর রহমান। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে 'প্রথম জাতীয় হাওর সম্মেলন আয়োজক কমিটি'র আহ্বায়ক তথ্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার এ কথা জানান। হাওর অঞ্চলের অধিবাসী বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে দেশের চারটি বেসরকারি সংস্থা (এনজিও) এ সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। আহ্বায়ক মোস্তাফা জব্বার বলেন, "বাংলাদেশের হাওর অঞ্চলের সমস্যা চিহ্নিত করা ও এর সমাধানে করণীয় নির্ধারণে এ সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে।" দেশের একটি গুরুত্বপূর্ণ হাওর গারো পাহাড়ের নিচের টাংগুয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের ৭টি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এ হাওর এলাকার মানুষের প্রধান জীবিকাই হচ্ছে বোরো ফসল। এর বাইরে বছরের আট মাসই এলাকাটি থাকে জলমগ্ন। মোস্তাফা জব্বার বলেন,"স্বাধীনতার দীর্ঘ ৩৬ বছরেও হাওর অঞ্চলের মানুষের জন্য তেমন কোন কর্মপরিকল্পনা নেয়া হয়নি।" এ ব্যাপারে দেশের রাজনৈতিক নেতৃত্ব উদাসীন ছিল এ অভিযোগ করে তিনি বলেন,"তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেননি।" সম্মেলনের কর্মপরিকল্পনা ও ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য সরকারসহ বিভিন্ন দপ্তরে দেয়া হবে বলে মোস্তাফা জব্বার জানান। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসান শাহরিয়ার, নাগরিক সংহতির শরিফুজ্জামান শরিফ, অ্যাকশন-এইড-এর মোছাব্বের হোসেন প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এসকে/২০৫৬ঘ.