সিলেট, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে সোমবার রাতে ধর্ষণের শিকার হয়েছে এক শিশু। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুমেল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আহমদ বলেন, বালাগঞ্জ উপজেলার এক গৃহবধূ অসুস্থ অবস্থায় তার ১০ বছরের মেয়েকে নিয়ে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। রাতে হাসপাতালের মহিলা ওয়ার্ডের ভেতর শিশুটি ধর্ষণের শিকার হয়।
তিনি জানান, নির্যাতিতা মঙ্গলবার সকালে তার মা ও হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ শিশুটির বর্ণনা অনুযায়ী অনুসন্ধান চালিয়ে দুপুুরে বালাগঞ্জ বাজার থেকে সুমেল মিয়া (২৪) নামে একজনকে গ্রেপ্তার করে।
ওসি শাহাবুদ্দিন আহমদ বলেন, সুমেল একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বাড়ি হাসপাতালের পাশেই। হাসপাতাল এলাকায় তার অবাধ যাতায়াত আছে বলে স্থানীয়রা জানিয়েছে। এছাড়া, শিশুটিও তাকে সনাক্ত করেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিমাংশু চন্দ্র দে জানান, "এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। হাসপাতালের কেউ এর জড়িত কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে।"
এদিকে, ধর্ষণের ঘটনায় নির্যাতিতার চাচা সুমেলকে আসামি করে মামলা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২১০০ ঘ.
bdnews24