২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মার্চের আগে খাদ্য পণ্যের দাম কমার সম্ভাবনা নেই : খাদ্য উপদেষ্টা

আগামী মার্চের আগে দেশে খাদ্য পণ্যের দাম কমার কোন সম্ভাবনা নেই বলে বিডিআরের মহাপরিচালকের কণ্ঠে কণ্ঠ মেলালেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 05:31 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- -আগামী মার্চের আগে দেশে খাদ্য পণ্যের দাম কমার কোন সম্ভাবনা নেই বলে বিডিআরের মহাপরিচালকের কণ্ঠে কণ্ঠ মেলালেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী। সোমবার সচিবালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে এরকমই আভাস পাওয়া যাচ্ছে। সংবাদ সম্মেলনে খাদ্য উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে অন্য বছরের তুলনায় খাদ্য মজুদ অনেক বেশি রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ছে। উপদেষ্টা জানান, দেশের বিভিন্ন গুদামে বর্তমানে প্রায় সাত লাখ ১৬ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে ৫ লাখ ৬০ হাজার মেট্রিক টন চাল এবং এক লাখ ৫৬ হাজার মেট্রিক টন গম। এছাড়া আরো এক লাখ ৮৩ হাজার মেট্রিক টন চাল ও ৬৭ হাজার মেট্রিক টন গম আমদানি করা হচ্ছে। আমদানীর এক লাখ ২০ হাজার মেট্রিক টন চাল ইতোমধ্যেই দেশে এসেছে। বাকী ৮৩ হাজার মেট্রিক শিগগিরই আসবে। ২৯ হাজার মেট্রিক টন গমও ইতোমধ্যে দেশে এসেছে। তপন চৌধূরী বলেন, শুধু সংকটের জন্য এসব খাদ্যপণ্য আমদানি করা হচ্ছে না, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। মূল্য বেশি থাকলেও দেশে খাদ্য সংকটের কোন সম্ভাবনা নেই। এজন্য সরবরাহ নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে। উপদেষ্টা জানান, দেশের বাজারে চাল ও গমের সরবরাহ বাড়াতে সরকার ওএমএস পদ্ধতিতে বাজারে চাল বিক্রির উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে আরো দুই লাখ মেট্রিক টন চাল ওএমএস-এর মাধ্যমে সরবরাহ করা হবে। এছাড়া ভিজিএফ-এর মাধ্যমে এক লাখ ৮৬ হাজার মেট্রিক টন, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে এক লাখ ৮৫ হাজার মেট্রিক টন এবং টেস্ট রিলিফের মাধ্যমে আরো এক লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য সরবরাহ করা হবে। ওই তিনটি প্রকল্পেরই প্রথম কিস্তি ইতোমধ্যেই ছাড় করা হয়েছে। এর আগে তপন চৌধুরীর সভাপতিত্বে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিধারণ কমিটির এক আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী আমন মৌসুমে দেশের অভ্যন্তরীণ উৎপাদন থেকে দুই লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। প্রতি কেজি চালের মূল্য ধরা হয়েছে ২০ টাকা। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে উপদেষ্টা তপন চৌধুরী বলেন, কিছুদিনের মধ্যে দেশীয় বাজারে চালের অভ্যন্তরীণ সরবরাহ বেড়ে যাবে। তখন চালের দাম কিছুটা কমে যাবে। এ লক্ষ্য নিয়েই চালের মূল্য কেজিপ্রতি ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকার দেশীয় বাজার থেকে সংগ্রহের চেয়ে আমদানির মাধ্যমে খাদ্য মজুদ বাড়ানোর ব্যাপারে বেশি আগ্রহী। খাদ্য সচিব ড. আইয়ুব মিয়া বলেন, এ বছর প্রতিকেজি চালের উৎপাদনে কৃষকদের ব্যয় হয়েছে ১৬ টাকা। তাই চালের সংগ্রহ মূল্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না হলে প্রয়োজনে সংগ্রহ মূল্য আরো বাড়ানো হবে। তিনি বলেন, আগামী বোরো মৌসুমে দেশের ধানের উৎপাদন অনেকটা বাড়বে। কারণ প্রতিবছর বন্যার পর বোরো ধানের উৎপাদন বেশি হয়। ওই উৎপাদন দিয়েই দেশের খাদ্য চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১১২ঘ.