ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিশ্বের বিভিন্ন দেশের মতো সাইবার অপরাধ মোকাবেলায় বাংলাদেশ পুলিশও একটি 'সাইবার ক্রাইম ইউনিট' গঠন করতে যাচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এ ইউনিট গঠন করা হবে।
রোববার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইবার ক্রাইম ইউনিট গঠনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সংস্কার কর্মসূচি (পিআরপি) জাতীয় প্রকল্প পরিচালক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, "সাইবার ক্রাইম একটি অন্যতম ক্রমবর্ধমান অপরাধমূলক তৎপরতা হয়ে উঠছে। শিশুদের পর্ণোগ্রাফির ছবি নামানো থেকে শুরু করে কম্পিউটার হ্যাকিং বা কারো কম্পিউটারে ভাইরাস আক্রমণ সাইবার অপরাধের মধ্যে পড়ে।"
তিনি বলেন, "সাইবার অপরাধ আন্তঃদেশীয় অপরাধ হিসেবে একটি আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব বিশ্বব্যাপী। সাইবার অপরাধ বর্তমানে অবৈধ মাদক বিক্রির পরিমাণকেও ছাড়িয়ে যাচ্ছে।"
নব বিক্রম জানান, শুধুমাত্র ২০০৭ সালেই ইন্টারনেটের মাধ্যমে প্রতারণার পরিমাণ ১০৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে অপরাধমূলক তৎপরতার কারণে বিশ্বব্যাপী তথ্য ক্ষতির পরিমাণ ৪০ বিলিয়ন (ইউএস) ডলারে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে সুনির্দিষ্ট সাইবার হুমকির সম্মুখীন কিনা জানতে চাইলে তিনি বলেন, "এখন পর্যন্ত এ ধরনের কোন হুমকি আসেনি। তবে ভবিষ্যতে আসার সম্ভবনা রয়েছে।"
সাইবার অপরাধ প্রতিরোধ এবং সাইবার ক্রাইম ইউনিট পরিচালনার জন্য কোন আইন প্রনয়ণ করা হয়েছে কিনা জানতে চাইলে নব বিক্রম বলেন, "২০০৬ সালে আমরা একটি খসড়া আইন প্রণয়ন করেছিলাম। এছাড়া তিন দিনব্যাপী সেমিনারে শ্রীলংকান একজন বিশেষজ্ঞ এ সংক্রান্ত ৮২ পাতার একটি খসড়া আইন তুলে ধরবেন।"
তিনি জানান, সাইবার অপরাধ হুমকির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ ঢাকার একটি হোটেলে ৫ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আঞ্চলিক সাইবার ক্রাইম বিষয়ক সেমিনারের আয়োজন করেছে। এতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, হংকং, শ্রীলংকা ও নেপালের প্রতিনিধিরা অংশ নেবেন। অষ্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সহযোগিতায় বাংলাদেশ পুলিশ ও পুলিশ সংস্কার কর্মসূচি জাতীয় প্রকল্প এ সেমিনারের আয়োজন করেছে।
তিনি জানান, ঢাকায় এ ধরনের সেমিনার এটাই প্রথম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিকে ত্রিপুরা বলেন, "বাংলাদেশ পুলিশ তাদের সেবার মান ও কার্যকারিতা উন্নয়নে সংস্কার চালাচ্ছে। সংস্কারের অংশ হিসেবে পুলিশের নীতি ও কর্মকান্ডের মূল ক্ষেত্রগুলোকে বেছে নিয়ে সংস্কার চলছে।"
তিনি জানান, সংস্কার কর্মসূচির মধ্যে আছে অপরাধ দমন, তদন্ত, পুলিশের কার্য পরিচালনা ও মামলা, মানব সম্পদ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ, কৌশলগত পরিকল্পনা ও তত্ত্বাবধান, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ এবং মানব পাচার।
পুলিশ কর্মকর্তা জানান, বর্তমান প্রবণতা থেকে বোঝা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য সাইবার অপরাধ একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাড়িয়েছে।
তিনি বলেন, "আজকের যুগে অপরাধ কোন সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। অপরাধীরা বাজারে প্রচলিত প্রযুক্তির সুযোগ-সুবিধা গ্রহণ করে থাকে। এটি কেবল ইন্টারনেট প্রযুক্তিতে উন্নত ও সচেতন দেশগুলোর ক্ষেত্রেই নয় বরং যেসব দেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরোপুরি ব্যবহারের চেষ্টা করছে তাদের জন্যও প্রযোজ্য।"
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অষ্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের প্রতিনিধি মার্ক ব্রিসকি ও পিআরপির জাতীয় তথ্য প্রযুক্তি পরামর্শক ভয়চেখগ কপ্রোভিচ।
তারা সাইবার ক্রাইম ইউনিট বিষয়ে খুটিনাটি তথ্য তুলে ধরেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএসবি/এমএইচবি/০০৪০ ঘ.
bdnews24