সিলেট, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রামে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় শিশুসহ পাঁচজন মারা গেছে।
এরা হলো- মস্তফা বেগম (২৮) ও তার মেয়ে হেনা বেগম (৫), আনোয়ার হোসেনের মেয়ে রিয়া বেগম (৩) এবং আমিরউদ্দিনের মেয়ে রুমি বেগম (৬) ও আলকোমা বেগম (৩)। এদের মধ্যে প্রথম তিন জন শনিবার রাতে এবং রুমি ও আলকোমা রোববার বিকেলে মারা যায়।
এ ঘটনার পর গ্রামজুড়ে 'অজ্ঞাত রোগ' আতঙ্ক দেখা দিয়েছে। গ্রামবাসী দোয়া মাহফিল ও 'জিকির' আছকার করছে।
স্থানীয় সাংবাদিক আব্দুল মালিক জানান, শনিবার রাতে ডায়রিয়া আক্রান্ত হওয়ার ঘণ্টাখানেক পর বমি করে মোস্তফা বেগম, হেনা বেগম ও রিয়া বেগম মারা যায়। এছাড়া, রুমি ও আলকোমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর রোববার বিকেলে মারা যায় তারা।
রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত লাঠি গ্রাম ও পাশের গ্রামের ডায়রিয়া আক্রন্ত আরও ১৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. এ জেড মাহবুব আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় একটি চিকিৎসক দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একটি পরিবারের মধ্যে খাদ্যে বিষক্রিয়ায় কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। চিকিৎসক দল অসুস্থদের স্বাস্থ্যসেবা দিচ্ছে।
পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, গ্রামবাসী অজ্ঞাত রোগ বললেও আসলে এটি ডায়রিয়া। তবে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রোগী দুর্বল হয়ে পড়ায় জনসাধারণ এটিকে 'অজ্ঞাত রোগ' মনে করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২২৫ ঘ.
bdnews24