ঢাকা, নভেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - প্রশাসনের উপসচিব পর্যায়ের ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় রোববার এসব বদলির আদেশ দেয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (উপ সচিব) কামাল রেজা ও ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) নাজমুল হাইকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব রফিকুল ইসলাম ও মীর মোশাররফ হোসেন এবং সংস্থাপন মন্ত্রণালয়ের ন্যস্ত উপসচিব মিজানুর রহমান ও আতিকুল ইসলামকে নবগঠিত 'রেগুলেটরি রিফর্মস কমিশন' এর সার্বিক কার্যক্রমে সহায়তা দেওয়ার জন্য বিনিয়োগ বোর্ডে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দিয়ারা সেটেলমেন্ট কর্মকর্তা উপসচিব আব্দুল জলিল মিয়াকে ওএসডি করে সংস্তাপন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং ওএসডি উপসচিব জিষ্ণু রায় চৌধুরীকে অর্থ বিভাগের উপসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮২০ ঘ.
bdnews24