২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী টুুকুর বিরুদ্ধে দুর্নীতি মামলায় রায় ১৫ নভেম্বর

বিএনপি নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায় দেওয়া হবে আগামী ১৫ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার রায় দেওয়া হবে আগামী ১৫ নভেম্বর। রোববার বিশেষ জজ আদালত- ৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শেষ দিনে রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন। এ মামলার অন্য তিন আসামি টুকুর স্ত্রী রোমানা মাহমুদ, ছেলে আবেদ হাসান মাহমুদ ও মেয়ে সারা হাসিন মাহমুদের বিচার প্রক্রিয়ার ওপর ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। গত ৩ জুলাই টুকুর স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। ওই দিনই টুকুর ছেলে আদালতে আত্মসমর্পণ করেন। পরে অবশ্য তারা উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পান। তবে টুকু ৩ ফেব্র"য়ারি যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। গত ২৯ অক্টোবর শুরু হওয়া যুক্তিতর্কে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল হক বেনু আদালতকে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ বিভিন্ন তথ্য-প্রমাণ ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রমাণিত হয়েছে। এজন্য আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন ও ড. আজিজুর রহমান চৌধুরী টুকুর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করে তার মুক্তির আবেদন জানান। এর আগে ১২ সেপ্টেম্বর ইকবাল হাসান আদালতে ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে দেওয়া জবানবন্দিতে নিজেকে নির্দোষ দাবি করেন। ৪ কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে টুকু ও তার পরিবাবের সদস্যদের বিরুদ্ধে চলতি বছরের ২১ মার্চ মোহাম্মদপুর থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী । এরপর কমিশনের উপ-পরিচালক এসএম আখতার হামিদ ভূঞা গত ২৮ জুন মহানগর হাকিম আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। গত ১৫ জুলাই সংসদ ভবনের বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণ শুরু হয় ২৩ জুলাই থেকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/১৮২০ ঘ.