২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় শাহজাহান চৌধুরী ও ফয়সাল মোরশেদ অভিযুক্ত

সাংসদ কোটায় শুল্কমুক্ত গাড়ি কেনায় দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2007, 11:51 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাংসদ কোটায় শুল্কমুক্ত গাড়ি কেনায় দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খান। রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এবং জেলা ও দায়রা জজ মজনুল আহসানের আদালতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলার অভিযোগ গঠন হয়। মামলার পলাতক আসামি ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে রোববার গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারি করেছে আদালত। অপর আসামি শাহজাহান চৌধুরীকে এ দিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের পর আদালত আগামী ৬ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এ মামলার সাক্ষী ২৪ জন। তিনি জানান, আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানির জন্য আরও সময় প্রার্থনা করলে আদালত তা নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। সাংসদ কোটায় গাড়ি কেনায় দুর্নীতি এবং অর্থের উৎস গোপনের অভিযোগে শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বাদি হয়ে গত ১ জুলাই বন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় তদন্তকারী কর্মকর্তা কমিশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম তদন্ত করতে গিয়ে ওই দুর্নীতির সঙ্গে এবি ব্যাংকের চেয়ারম্যান ও প্যাসিফিক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল মোরশেদ খানের সম্পৃক্ততার প্রমাণ পান। তাই তিনি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ২৯ নভেম্বর শাহজাহান চৌধুরী আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। তার শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে জরুরি অবস্থা জারির পর এ মামলাসহ মোট পাঁচটি মামলা দায়ের হয়। এর মধ্যে সাতকানিয়া থানায় তিনটি চাঁদাবাজি মামলা ও একটি হত্যা মামলা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৭৪৩ ঘ.