ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে খোন্দকার দেলোয়ার হোসেনকে আমন্ত্রণ জানানোর জন্য ইসিকে অনুরোধ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ।
রোববার হান্নান শাহের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানান।
প্রায় এক ঘন্টার বৈঠক শেষে হান্নান শাহ সাংবাদিকদের বলেন, "আমরা সিইসিকে একটি লিখিত চিঠি দিয়েছি। সেই চিঠিতে তাদের সঙ্গে বৈঠকের জন্য বিএনপি চেয়ারপারসন ও মহাসচিব বরাবরে আমন্ত্রণ দেওয়ার অনুরোধ করেছি।"
তিনি বলেন, ইসির ঘোষিত নীতি ও বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তারা খোন্দকার দেলোয়ার হোসেনকেই আমন্ত্রণ দেবেন বলে আশা করছি।
বিএনপির অন্য অংশকে কমিশন চিঠি দিলে আপনারা কি করবেন প্রশ্ন করলে হান্নান শাহ বলেন, "দল একটাই। খালেদা জিয়ার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ আছে। ইসি এমন কিছু করবেন না যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।"
বিএনপির কোন অংশকে চিঠি দেওয়া হবে জানতে চাইলে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, ২/১ দিনের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
হান্নান শাহের সঙ্গে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান, মোয়াজ্জেম হোসেন আলাল, এবিএম আশরাফ উদ্দিন নিজাম, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, শিরিন সুলতানা, আবদুল মমিন তালুকদার, আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান, খোন্দকার দেলোয়ার হোসেনই দলের নতুন মহাসচিব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এমএ/১৭১২ ঘ.
bdnews24