ঢাকা, নভেম্বর ০৪ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধী ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। এছাড়া যুদ্ধাপরাধীদের রাজনীতি নিষিদ্ধ করারও তাগিদ দিয়েছে দলটি।
রোববার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে এসব দাবি তুলেছে। রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনের ভূমিকা যাতে 'নিয়ন্ত্রণমূলক' না হয় সে বিষয়টিও আমলে নেয়ার দাবি করেছে দলটি। এ ছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের সভানেত্রী শেখ হাসিনার মুক্তি 'অপরিহার্য' বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ।
সংলাপে আওয়ামী লীগ এসব দাবি ও দিকনির্দেশনা সম্বলিত প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করে।
বেলা পৌনে ১১টায় শুরু হওয়া সংলাপের শুরুতে জিল্লুর রহমান বলেন, "সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দলের সভানেত্রী শেখ হাসিনার মুক্তি অপরিহার্য।"
সংলাপে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। (আরও তথ্যসহ)
দুপুরে সংলাপ শেষে জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "সংলাপে আমরা যুদ্ধাপরাধীদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছি। একইসঙ্গে নির্বাচনে স্বাধীনতা বিরোধী ও ধর্মভিত্তিক দলকে নিবন্ধন না দেওয়ার কথাও বলেছি।"
আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছিল কিনা- এ প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন, "বঙ্গবন্ধু ৭১ সালের খুনী, ধর্ষক, অগ্নিসংযোগকারী ও লুণ্ঠনকারীদের ক্ষমা করেননি। তার সময়ে ২২ হাজার যুদ্ধাপরাধী জেলে ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাদের ছেড়ে দিয়েছেন।"
দলের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ বলেন, "আমাদের উত্থাপিত অনেকগুলো প্রস্তাবের সঙ্গে নির্বাচন কমিশন একমত। জাতির পিতা বঙ্গবন্ধু একজন জাতীয় সম্পদ; এটি আমরা নির্বাচন বিধিতে অন্তর্ভুক্ত করার কথা বলেছি। আমরা ইসিকে রোডম্যাপ বাস্তবায়নে সহায়তা করবো। আমাদের নেত্রী কারাগারে, সাধারণ সম্পাদক আব্দুল জলিলও বন্দি; এই বাস্তব প্রেক্ষাপটেই আমরা ইসির সঙ্গে আলোচনা করেছি।"
এর আগে সকালে সংলাপের শুরুতে জিল্লুর রহমান প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বলেন, "আপনি নিজে বলেছেন- সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি অবস্থা বেশ আগেই প্রত্যাহার করা দরকার। আমরা মনেকরি জরুরি অবস্থা এখনই প্রত্যাহার করা প্রয়োজন।"
প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন,"আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয়। আপনারা স্বাধীনতার অগ্রদূত। আপনারা মুজিব নগর সরকার গঠন করেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তাই এদেশের উন্নয়ন ও সকল বিষয়ে দায় দায়িত্ব আপনাদেরও বহন করতে হবে।"
তিনি বলেন, "নির্বাচন সংক্রান্ত আইন সংস্কারের বিষয় নিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য একটি আইন চূড়ান্ত করতে চায়।"
আওয়ামী লীগের সংস্কার প্রস্তাবে সরকারি চাকরি থেকে অবসরের পর কমপক্ষে তিন বছর পর্যন্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না- এ ধরনের আইন করা, দেশি বিদেশি অনুদানপ্রাপ্ত এনজিও কর্মকর্তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার, কমিশন প্রস্তাবিত 'না' ভোট প্রত্যাহার, দলের সহযোগী সংগঠন এবং প্রবাসী সংগঠন করার অধিকার রাখাসহ বেশ কয়েক দফা দাবি দেয়া হয়।
নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় আওয়ামী লীগের পক্ষে লিখিত সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন দলের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ।
বিডিনিউজ টুয়েন্টিফোরডটকম/বিআর/এএল/আরএ/এমএ/১৪৩৫ঘ.
bdnews24