চট্টগ্রাম, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর পাহাড়তলী এলাকার একটি আবাসিক ভবন থেকে শনিবার বিপুল পরিমাণ জাল সনদ ও সনদ তৈরির সরঞ্জামসহ মোহাম্মদ ইসমাইল (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব- ৭ এর কর্মকর্তা ফ্লাইট লেফট্যানেন্ট মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকেলে পাহাড়তলীর সিডিএ মার্কেটের বিপরীতে হাজী ভিলার ৫ম তলার একটি বাসায় অভিযান চালান তারা। এ সময় প্রায় ৫০ হাজার জাল সনদ, সনদ তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, একটি স্ক্যানার, দু'টি প্রিন্টার, বিভিন্ন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর সম্বলিত ৭২টি সিল, জলছাপ দেওয়ার মেশিনসহ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।
মিজানুর রহমান জানান, ইসমাইল সাত বছর ধরে জাল সনদ তৈরি করছে। এর সঙ্গে একটি চক্র জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে।
ইসমাইলের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসএনডি/২১৫০ ঘ.
bdnews24