ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বিবিয়ানা ও সিরাজগঞ্জে দুটি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রাকযোগ্যতা যাচাইয়ের আবেদন আহ্বান করেছে পাওয়ার সেল।
ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট হিসাবে বিবিয়ানা ও সিরাজগঞ্জে বেসরকারি খাতে ৩৩০ থেকে ৪৫০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। ৮ নভেম্বর বিবিয়ানা ও ১১ ডিসেম্বর সিরাজগঞ্জের জন্য আবেদন জমা দেয়ার শেষ দিন। অক্টোবরের শেষ দিকে এ প্রাকযোগ্যতা যাচাই আবেদন আহ্বান করা হয়।
পাওয়ার সেলের মহাপরিচালক আব্দুল জলিল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেসরকারি খাতে বিবিয়ানা ও সিরাজগঞ্জে দু'টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রিকোয়ালিফিকেশন এর প্রস্তাব আহ্বান করা হয়েছে। যারা প্রিকোয়ালিফাইড হবে তাদের কাছে বিস্তারিত প্রস্তাব চেয়ে দরপত্র আহ্বান করা হবে।"
সব প্রক্রিয়া শেষে আগামী বছরের এপ্রিল-মে মাসের দিকে মনোনীত প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের চুক্তি সম্পন্ন হবে। গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র দুটি আগামী ২০১০-১১ সালের মধ্যে চালু হতে পারে।
এদিকে, বেসরকারি খাতে রেন্টাল পাওয়ার স্টেশন স্থাপনের জন্য প্রাপ্ত প্রস্তাব মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি সপ্তাহে আবেদনগুলোর যাচাই বাছাই শেষ হবে বলে জানিয়েছেন পাওয়ার সেলের মহাপরিচালক আব্দুল জলিল।
বেসরকারি খাতে আটটি রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য অক্টোবর মাসে দরপত্র আহ্বান করে পাওয়ার সেল। এর বিপরীতে ফেঞ্চুগঞ্জ ছাড়া অন্য সাতটি স্থানে ২৬০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাব জমা পড়ে। এগ্রিকো (সিঙ্গাপুর), অলসটম পাওয়ার রেন্টালস (ইউএসএ), কাল্টিম্যাক্স এনার্জি (ইন্দোনেশিয়া), এনার্জি প্রিমা (বাংলাদেশ) ও গ্রীন পাওয়ার (বাংলাদেশী কনসোর্টিয়াম) সাতটি কেন্দ্রের জন্য মোট ১৩টি প্রস্তাব জমা দিয়েছে।
গ্যাসের সহজলভ্যতা এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করার সুবিধা বিবেচনা করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এই আটটি স্থান নির্বাচন করা হয়।
সিলেটে ৫০, ফেঞ্চুগঞ্জে ৫০, শাহজীবাজারে ৫০, আশুগঞ্জে ৫০, ভোলায় ৩০, খুলনায় ৪০, ভেড়ামারায় ২০ ও বগুড়ায় ২০ মেগা ওয়াট উৎপাদনক্ষম আটটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নেয় সরকার। এর মধ্যে ভেড়ামারা ও খুলনায় স্থাপন করা হবে ডিজেল চালিত প্লান্ট এবং বাকিগুলো গ্যাস চালিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এমএ/১৫৩২ঘ.
bdnews24