বরিশাল, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর শহীদ জিয়া মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন কীর্তনখোলা নদীতে জাটকা ভর্তি একটি ট্রলার আটক করা হয়েছে।
উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) সদস্যরা শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই জাটকা আটক করে বলে পুলিশ জানায়। তবে ওই সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের নৌ-ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আটক করা জাটকার পরিমাণ প্রায় ১৫ মন।
শনিবার সকালে জাটকা মাছগুলো কাউনিয়া সাবান ফ্যাক্টরি দারুল উলুম মাদ্রাসা, চরমোনাই মাদ্রাসা, শেখ আফসার উদ্দিন কওমী মাদ্রাসায় খাবার হিসেবে বিতরণ করা হয়। ট্রলারটি পুলিশের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) হয়েছে বলে থানার সহকারী পুলিশ কমিশনার (এসিপি) হায়াতুল ইসলাম জানিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৩ ঘ.
bdnews24