ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কয়লা নীতির খসড়ায় রপ্তানির প্রস্তাব থাকছে না। তবে বড়পুকুরিয়া কয়লা খনিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন পরীক্ষার প্রস্তাব থাকবে। পরিবেশের কী ধরনের ক্ষতি হতে পারে এবং তা কীভাবে পূরণ করা সম্ভব তা খতিয়ে দেখতে এই পরীক্ষার প্রস্তাব করা হচ্ছে।
কয়লা নীতি প্রণয়নে গঠিত উচ্চ পর্যায়ের সমীক্ষা কমিটির প্রধান অধ্যাপক আবদুল মতিন পাটোয়ারি বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন খসড়া তৈরির কাজ চলছে। খসড়া শেষ হওয়ার পর কমিটি বসে চূড়ান্ত করবে। আমরা সবার পরামর্শই শুনছি। জাতীয় স্বার্থে যাতে কয়লা নীতি হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।"
তিনি বলেন, "খসড়ায় কয়লা রপ্তানির প্রস্তাব থাকছে না। তবে বড়পুকরিয়ার যেখানে কয়লা ভূপৃষ্ঠের সবচেয়ে কাছে সেখানে পরীক্ষামুলকভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রস্তাব করা হয়েছে। এ পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে পরিবেশের কি ধরনের ক্ষতি হবে এবং সে ক্ষতি কীভাবে পুরণ করা যাবে তা নির্ধারণ করা।
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মতিন পাটোয়ারি জানান, সাধারণভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা বেশি পাওয়া যাবে। তবে যে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, বিশেষ করে পরিবেশের ক্ষতি, স্থানীয় লোকজনের ক্ষতি এগুলোও কমিটির বিবেচনায় আছে। মোটের ওপর এমন একটি কয়লা নীতি করা হবে যাতে দেশ উপকৃত হয়।
তিনি জানান, কয়লা নীতির খসড়া তৈরির জন্য ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সমীক্ষা কমিটি শনিবার বৈঠকে বসছে।
কয়লা নীতি প্রনয়ণের জন্য ২১ জুন আট সদস্যের এ সমীক্ষা কমিটি গঠন করা হয়। কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ২১ জুলাই। এ পর্যন্ত কমিটির ১০টি বৈঠক হয়ছে। খসড়া তৈরি শেষ পর্যায়ে রয়েছে। খসড়া তৈরি হলে সেটা দ্রুত চূড়ান্ত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।
জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা জানান, কয়লানীতিতে কয়লাক্ষেত্র ইজারা দেওয়ার পদ্ধতি, উত্তোলন, আংশীদারিত্ব, বিপণন ও ব্যবহারের বিষয় উল্লেখ থাকবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএসবি/এমএইচবি/২০১৫ ঘ.
bdnews24