২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনের 'অগ্রহণযোগ্য' শর্তের বিকল্প প্রস্তাব দেবে আ. লীগ

নির্বাচন কমিশনের যেসব প্রস্তাব আওয়ামী লীগের কাছে 'অগ্রহণযোগ্য' বা 'নিয়ন্ত্রণমূলক' মনে হয়েছে সেগুলোর বিকল্প প্রস্তাব দেবে দলটি। কমিশনের সঙ্গে বৈঠকে এসব বিকল্প প্রস্তাব জানানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশনের যেসব প্রস্তাব আওয়ামী লীগের কাছে 'অগ্রহণযোগ্য' বা 'নিয়ন্ত্রণমূলক' মনে হয়েছে সেগুলোর বিকল্প প্রস্তাব দেবে দলটি। কমিশনের সঙ্গে বৈঠকে এসব বিকল্প প্রস্তাব জানানো হবে। বৃহস্পতিবার দলের কার্যনির্বাহী কমিটির মুলতবি সভা শেষে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকদের এ কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জিল্লুর রহমান বলেন, "কমিশনের সঙ্গে বৈঠকে নির্বাচনী আইন সংস্কারের খসড়ার ইতিবাচক বিষয়গুলোকে সমর্থন জানানো হবে। আর যেগুলো অগ্রহণযোগ্য বা নিয়ন্ত্রণমূলক মনে হয়েছে সেগুলোর বিকল্প প্রস্তাব দেব আমরা।" মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াত নেতাদের বক্তব্যকে 'ঔদ্ধত্যপূর্ণ' আখ্যায়িত করে জিল্লুর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, "যুদ্ধাপরাধীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারকারী জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।" বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার বিষয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "এই পৃথককরণের সুফল পেতে হলে বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতার বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন। আমরা আশা করি, এখন থেকে বিচার বিভাগের কাছে মানুষ ন্যায়বিচার পাবে এবং স্বাধীন বিচার বিভাগ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।" জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃহস্পতিবারের বৈঠকে কার্যনির্বাহী কমিটির ৭১ সদস্যের মধ্যে ৪৩ জন উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন জোহরা তাজউদ্দীন, সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মুকুল বোস প্রমুখ। আগামী ৪ নভেম্বর নির্বাচনী সংস্কার আইন নিয়ে কমিশনের সঙ্গে বৈঠক করবে আওয়ামী লীগ। গত ১২ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/জেকে/১৭৪৫ ঘ.