ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আমদানিসহ প্রতিটি ক্ষেত্রে এখন স্বাভাবিকতা ফিরে এসেছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এরপরও বাজারে পণ্যের দাম কেন কমছে না সেটি এখন সবার কাছে বড় প্রশ্ন।
বৃহস্পতিবার গুলশানে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের প্রধান কার্যালয় উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আমদানির ক্ষেত্রে যেসব সমস্যা ছিল তা কেটে গেছে। এখন খাদ্যদ্রব্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে। ডলার মার্কেটও স্থিতিশীল। কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা ছাড় করা হচ্ছে। কিন্তু এরপরও বাজারে জিনিসপত্রের দাম কমছে না কেন সেটাই এখন সবার কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।"
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, "দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তবে আমার মনে হয় সরবরাহ ব্যবস্থার সমস্যার কারণেই বাজারদর নিয়ন্ত্রণে আসছে না।"
সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি কমেছে দাবি করে তিনি বলেন, আগস্টে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক শূন্য শতাংশ। সেপ্টেম্বরে তা কমে নয় দশমিক ছয় শূন্য শতাংশ হয়েছে।
বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে অথচ মূল্যস্ফীতি কমেছে- এটি কীভাবে সম্ভব এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, "বিষয়টি নিয়ে আমরাও চিন্তাভাবনা করছি। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করে এর প্রকৃত কারণ খুঁজে বের করা হবে।"
এছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে গঠিত টাস্কফোর্সের প্রথম সভা শিগগিরই অনুষ্ঠিত হবে বলে গভর্নর জানান।
স
bdnews24