মৌলভীবাজার, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজার থেকে বুধবার রাতে হুন্ডির প্রায় সাত লাখ টাকাসহ আহম্মদ লিটন (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
লিটনের বাড়ি নবীগঞ্জ উপজেলার দিঘীরপাড় গ্রামে।
র্যাব- ৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট আব্দুল বাতেন বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার নেতৃত্বে ক্যাম্পের একটি টিম সৈয়দপুর বাজার থেকে বুধবার রাতে একটি ব্যাগসহ লিটনকে আটক করে। পরে ব্যাগ তল্লাশি করে হুন্ডির ছয় লাখ ৯৬ হাজার টাকা পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আহম্মদ লিটন র্যাবকে জানায়, ঢাকার এক হুন্ডি ব্যবসায়ীর টাকা সে বহন করছিল।
র্যাব কর্মকর্তা জানান, লিটনকে বৃহস্পতিবার বেলা ১টার দিকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মুদ্রা পাচার আইনে একটি মামলা করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৩০০ ঘ.
bdnews24