২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ পৃথককরণের ঘটনা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে -তপন চৌধুরী

যুব ও ক্রীড়া এবং জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, বাংলাদেশের যুব সমাজের একটি আনন্দঘন দিনে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথককরণের ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 07:50 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুব ও ক্রীড়া এবং জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, বাংলাদেশের যুব সমাজের একটি আনন্দঘন দিনে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথককরণের ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে। তিনি বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস ২০০৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. গোলাম মোস্তাফা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. ইসমাইল হোসেন, সফল আত্মকর্মী রুখসানা পারভীন লিপু এবং এফতেখার আহমেদ ও জাপানী স্বেচ্ছাসেবক কায়ো হোসেয়া। উপদেষ্টা বলেন, বাংলাদেশের যুব সমাজ আমাদের চিরকালের গর্ব, দেশ গড়ার প্রেরণা। তাদের কর্মস্পৃহা ও কর্মোদ্দীপনার ওপর জাতীয় উন্নতি সর্বতোভাবে নির্ভরশীল। তপন চৌধুরী বলেন, দেশব্যাপী বিস্তৃত যুব কার্যক্রমের তথ্য প্রচারের জন্য একটি "সিটিজেন চার্টার" প্রণয়ন করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদেরকে তাদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিরপেক্ষতা ও সততার সঙ্গে পালনের নির্দেশনার ফলে প্রশিক্ষণ ও ঋণসহ সার্বিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। যুব জনগোষ্ঠীকে জাতির ভবিষ্যত সম্পদ আখ্যা দিয়ে তিনি বেকার যুবদের কর্মসংস্থানের জন্য সরকারের পাশাপাশি সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান। আগামী ডিসেম্বর মাসে সাভারস্থ জাতীয় যুব কেন্দ্রে 'প্রথম সার্ক ইয়ুথ ক্যাম্প' অনুষ্ঠিত হবে উপদেষ্টা জানান। এর আগে প্রধান অতিথি ১৬ জন সফল আত্মকর্মীর মধ্যে জাতীয় যুব পুরস্কার-২০০৭ বিতরণ করেন। প্রতিটি যুব পুরস্কারে রয়েছে ১৫ (পনের) হাজার টাকার প্রাইজবন্ড, একটি ক্রেস্ট ও একটি সার্টিফিকেট। অনুষ্ঠানে উপদেষ্টা একজন সক্ষম উদ্যোক্তার কাছে কমনওয়েথ যুব সিলভার পুরস্কার-২০০৭ আনুষ্ঠানিকভাবে তুলে দেন। চট্টগ্রামের সংগঠন 'অগ্রযাত্রা' এ বছর কমনওয়েলথ যুব সিলভার পুরস্কার লাভ করে। সকালে উপদেষ্টা জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করে এবং বেলুন উড়িয়ে জাতীয় যুব দিবসের শুভ উদ্বোধন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসকে/১৩৪৩ঘ.