ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা সিটি কর্পোরশনের অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ মইনউদ্দিনের স্ত্রীর নামে রাজধানীর একটি শপিং মলে দোকান, পাঁচটি জমি ও প্লট রয়েছে। বুধবার ডিসিসি সচিবের কার্যালয়ে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে তিনি এ তথ্য দিয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, জমা দেওয়া সম্পদের অধিকাংশই কর্মকর্তা কর্মচারিদের স্ত্রী, সন্তানদের নামে এবং সেগুলো অনুদান ও উপহার হিসেবে পাওয়া।
ডিসিসির কর্মকর্তা-কর্মচারিদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার শেষ দিন বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭০ শতাংশ আনুমানিক কর্মকর্তা-কর্মচারি তাদের হিসাব বিবরণী জমা দিয়েছেন।
ডিসিসি'র প্রধান জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতি দমন সংক্রান্ত টাস্কফোর্সের কর্মকর্তারা নগর ভবনে কাজ শুরু করার পর ২৩ অক্টোবর এক অফিস আদেশে কর্মকর্তা-কর্মচারিদের সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলা হয়। এর জন্য তাদের সাত দিন সময় দেওয়া হয়েছে। তবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়াদের সম্পদের হিসাব চাওয়া হয়নি। হিসাব বিবরণী জমা দেওয়ার শেষ সময় ছিল ৩১ অক্টোবর বিকেল পাঁচটা।"
ডিসিসির সহকারী পরিচালক (প্রশাসন) মনোয়ার হোসেনের টেবিলে জমা পড়া নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ মইনউদ্দিনের হিসাব বিবরণীতে দেখা যায়, তার সম্পদের মধ্যে ২০৭ সাতারকূলের ৮.২৫ শতাংশ জমির অর্ধেক নিজ নামে এবং বাকি অর্ধেক স্ত্রীর নামে। রাজউকের পূর্বাঞ্চল প্রকল্পে সাড়ে সাত কাঠার একটি প্লট কেনার জন্য অগ্রিম হিসেবে ৯ লাখ ১২ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। এই টাকার উৎস হিসেবে তিনি চাকরি জীবনে সঞ্চয় এবং বিদেশ থেকে ভাতিজার পাঠানো টাকার কথা উল্লেখ করেছেন।
এছাড়া কেরাণীগঞ্জের শুভাঢ্যা মৌজায় চার শতাংশের একটি প্লট, সাভারে সাড়ে ১১ শতাংশ জমি, রাজধানীর শুক্রবাদে মেট্রো শপিং মলের ৩০৬ নাম্বার দোকান এবং সাভারের মোহাম্মাদীয়া হাউজিংয়ে সাড়ে ৪ শতাংশের অপর একটি প্লট মইনউদ্দিন স্ত্রীর নামে দেখিয়েছেন।
বুধবার দুপুরে ডিসিসি ভবনে গিয়ে কর্মকর্তা-কর্মচারিদের হিসাব বিবরণী তৈরির কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে।
ডিসিসির কর্মকর্তারা জানান, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারিই নির্দিষ্ট সময়ের শেষ দিনে তাদের হিসাব বিবরণী জমা দিচ্ছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী নগর ভবনের দ্বিতীয় তলায় ডিসিসি সচিব গোলাম মোস্তফার কার্যালয়ে হিসাব বিবরণী জমা দেওয়ার কথা থাকলেও চাপ সামলাতে না পেরে পরে সপ্তম তলায় সহকারী পরিচালক (প্রশাসন) মো. মনোয়ার হোসেনের কক্ষে হিসাব বিবরণী জমা নেওয়ার কাজ চলে।
ডিসিসির সচিব গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত সহকারী এ ব্যাপারে প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
আব্দুর রহমান জানান, ডিসিসিতে কর্মরত মোট কর্মকর্তা-কর্মচারির সংখ্যা ১২ হাজার ২১২ জন। এর মধ্যে অস্থায়ী ভিত্তিতে কর্মরত ৭ হাজার ২৭২ জনের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার প্রয়োজন নেই। বাকি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে প্রথম শ্রেণীর ৩৪৫ জন, দ্বিতীয় শ্রেণীর ১৮৩ জন, তৃতীয় শ্রেণীর ২ হাজার ৩২৪ জন ও চতুর্থ শ্রেণীর ২ হাজার ৮৮ জন কর্মচারিকে সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান জনসংযোগ কর্মকর্তা বলেন, "যারা অসুস্থ বা ছুটিতে দেশের বাইরে আছেন এমন ব্যতিক্রম ছাড়া সবাই হিসাব বিবরণী জমা দিতে বাধ্য। কারণ তা না হলে অফিস আদেশ লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ কারণে আমরা আশা করছি বিকেল পাঁচটার মধ্যেই সবাই তাদের হিসাব বিবরণী জমা দেবেন।"
সরেজমিনে হিসাব বিবরণী জমা নেওয়ার স্থান পরিদর্শন করে আব্দুর রহমানের কথার সঙ্গে মিল পাওয়া যায়নি।
হিসাব বিবরণী গ্রহণকারী সহকারী সচিব (প্রশাসন) মো. মনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত প্রায় ৪০ শতাংশ কর্মচারি হিসাব জমা দিয়েছে। সবাই শেষ সময়ে এসে তাদের হিসাব জমা দেওয়ার জন্য তাড়াহুড়া শুরু করেছেন। এর আগের ছয়দিনে হিসাব বিবরণী জমা পড়েনি বললেই চলে। এখন দরজার বাইরে যে লাইন দেখছি বিকেল পাঁচটার মধ্যে কাজ শেষ করা যাবে কিনা সন্দেহ আছে।"
পরে সন্ধ্যা সাতটায় টেলিফোনে আবার মনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এখন পর্যন্ত ৭০ ভাগের বেশি কর্মকর্তা-কর্মচারি সম্পদের হিসাব জমা দিয়েছে বলে আমরা ধারণা করছি। তবে প্রথম পর্যায়ে প্রকৌশল শাখার কর্মকর্তা-কর্মচারিদের হিসাব বিবরণী বাছাইকে অগ্রাধিকার দিচ্ছি। কারণ টাস্কফোর্সের কাছে প্রথমে তাদের হিসাব জমা দেওয়ার কথা রয়েছে।"
এক প্রশ্নের জবাবে মনোয়ার হোসেন বলেন, "হিসাব বিবরণীর তালিকা তৈরী শেষে আমরা এগুলো টাস্কফোর্সের কাছে হস্তান্তর করবো। পরে তারা হিসাব বিবরণীতে দেওয়া তথ্যের সত্যতা যাচাই-বাছাই করবে।"
হিসাব জমা দেওয়ার সময় বাড়ানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এটা আমাদের না, টাস্কফোর্সের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।"
নগর ভবনের নীচ তলায় টাস্কফোর্সের কার্যালয়ে যোগাযোগ করা হলে মেজর পদমর্যাদার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্মকর্তা-কর্মচারিদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য ডিসিসি কর্তৃপক্ষ দাপ্তরিক আদেশ দিয়েছে। তারাই জমা পড়া হিসাব বিবরণী যাচাই-বাছাই করবে, আমরা না। এক্ষেত্রে সময় বাড়ানোর বিষয়টিও ডিসিসি কর্তৃপক্ষের উপর নির্ভর করছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এমএআর/এমএসবি/০১০৪ ঘ.
bdnews24