চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২২ আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনায় করা মামলায় অভিযুক্ত নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছে আদালত।
হাটহাজারী দ্বিতীয় আমলী আদালতের বিচারক মোহাম্মদ মনিরুজ্জামান বুধবার বিকালে এ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
অভিযুক্তরা হলেন, চবি ছাত্রফ্রন্ট সভাপতি কাঞ্চন সরকার, সহ-সভাপতি মনি দীপা ভট্টাচার্য, সাধারণ সম্পাদক জমিরউদ্দিন রাসেল, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দিন ও সদস্য বিজয় কুমার দাশ, ছাত্র ইউনিয়নের সভাপতি মন্টি বৈষ্ণব, ছাত্র লীগের উপ- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাহিদুর রহমান জুয়েল, দৈনিক সংগ্রামের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মহিউদ্দিন টিপু, চবি অফিসার্স সমিতির বহিস্কৃত সভাপতি জাকির আহমেদ ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের বহিস্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ নাজিম উদ্দিন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গত ২২ অক্টোবর এই দশজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এদের মধ্যে চবির ছাত্রফ্রন্ট সদস্য বিজয় কুমার দাস বর্তমানে কারাগারে আটক আছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার জের ধরে ২২ আগস্ট চবিতে ব্যাপক ভাংচুর, সংঘর্ষ ও পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্র-শিক্ষকসহ কমপক্ষে ৩০ জন আহত হন।
আদালত পরিদর্শক অনু মং মারমা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া ১৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
তিনি জানান, আদালতে আসামি পক্ষের আইনজীবীরা ছাত্রফ্রন্ট সদস্য বিজয় কুমার দাশের জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/টিএইচ/এমএসবি/২৩২৫ ঘ.
bdnews24