ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জাহাজ ভাঙা শিল্পের দূষণের কারণে সীতাকুণ্ড ও সন্দ্বীপ চ্যানেল এলাকায় বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন পরিবেশবাদীরা। তারা বলেছেন, এ কারণে ওই এলাকায় অন্তত ৩০ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
'জাহাজ ভাঙা শিল্পের সঙ্কট ও ভবিষ্যত' শীর্ষক এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, পরিবেশ সম্মতভাবে জাহাজ না ভাঙার কারণে ভয়াবহ সামুদ্রিক দূষণ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে হারিয়ে যাচ্ছে সামুদ্রিক জীববৈচিত্র্য।
তিনি পরিত্যক্ত জাহাজ আমদানির আগে সেগুলো থেকে বর্জ্য মুক্ত করা ও পরিবেশ সম্মতভাবে তা ভাঙার জন্য বাধ্যবাধকতা আরোপের দাবি জানান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক মারুফ হোসাইন বলেন, জাহাজ থেকে নির্গত বিভিন্ন ক্ষতিকর বর্জ্যরে কারণে সীতাকুণ্ড ও সন্দ্বীপ চ্যানেলে ২০ থেকে ৩০ প্রজাতির মাছ এখন আর পাওয়া যায় না।
জাহাজ ভাঙা শিল্প খাত থেকে ৭০০ কোটি টাকা রাজস্ব পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, এ খাতের উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত।
মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইপসা'র প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক অ্যাডভোকেট জাফরুল হাসান শরিফ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের মহিদুল হক খান, কোস্ট ট্রাস্টের আমিনুর রসুল বাবুল প্রমুখ। মূল প্রবন্ধ পড়েন মোহাম্মদ আলী শাহীন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসএনডি/২১৪০ ঘ.
bdnews24