ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্যাটকো দুর্নীতি মামলার এক আসামি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডার জুলফিকার আলীকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমানের আদালতে বুধবার দুপুরে তিনি আত্মসমর্পণ করেন।
আদালত কারাগারে জুলফিকার আলীকে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করার ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এই নিয়ে গ্যাটকো মামলায় ১৩ আসামির মধ্যে ১০জন কারাগারে গেলেন।
এর আগে মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক নৌ পরিবহনমন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন সায়মন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এ এস এম শাহাদত হোসেন, সাবেক পরিচালক (পরিবহন) এ এম সানোয়ার হোসেন, সাবেক প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা আহম্মেদ আবুল কাশেম, সাবেক সদস্য লুৎফুল কবীর, গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানির (গ্যাটকো) পরিচালক সৈয়দ তানভীর আহমেদ ও সৈয়দ গালিব আহমেদকে কারাগারে পাঠানো হয়।
এছাড়া, আকবর হোসেনের স্ত্রী জাহানারা আনসার, গ্যাটকোর পরিচালক এ কে এম মুসা কাজল ও এহসান ইউসুফ পলাতক।
দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্যাটকোকে দেওয়ার অভিযোগে ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলাটি ১৭ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় আনা হয়।
দুর্নীতির ঘটনায় সরকারের এক হাজার কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।
গত ৩ সেপ্টেম্বর খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/এসএনডি/২১৩৫ ঘ.
bdnews24