বগুড়া, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়া পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ আনোয়ারুল ইসলাম বাবলা ও কমিশনার এরশাদুল বারী এরশাদের বিরুদ্ধেএকটি মামলা হয়েছে।
বগুড়া পরিবেশ অধিদপ্তরের রসায়নবিদ মিজানুর রহমান বুধবার সদর থানায় এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা গেছে, বগুড়া পৌর পার্কের ২১টি গাছ কেটে ফেলার অভিযোগে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে মামলাটি করা হয়েছে।
এ ব্যাপারে আনোয়ারুল ইসলাম বাবলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিষদের সিদ্ধান্তে এবং উন্নয়নের স্বার্থে তিনতলা মার্কেট নির্মাণের জন্য গাছ কাটা হয়েছিল। আমার ব্যক্তিগত স্বার্থে নয়।"
বগুড়া পৌর চেয়ারম্যান বিএনপি নেতা এ্যাডভোকেট মাহবুবুর রহমানকে যৌথবাহিনী গ্রেপ্তার করার পর বাবলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১১১ ঘ.
bdnews24