ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এবং তার স্ত্রী খাজা নারগিস হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জ্ঞাত আয় বর্হিভূত সম্পত্তি অর্জন এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারি পরিচালক মুজাহার আলী সর্দার বাদি হয়ে বুধবার রমনা থানায় এ মামলা দায়ের করেন।
রমনা থানার উপ-পরিদর্শক ওয়াহেদুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আবুল হোসেন কমিশনে দেওয়া হিসাব বিবরণীর বাইরেও ২ কোটি ১৯ লাখ ৮১ হাজার ৬৪০ টাকার জ্ঞাত আয়-বর্হিভূত সম্পত্তি অর্জন করেছেন। একই সঙ্গে তিনি এক কোটি ৫ লাখ ৩৫ হাজার ৫৭ টাকার সম্পত্তির হিসাব কমিশনে দাখিল করেননি।
এছাড়াও আবুল হোসেন বিভিন্ন সময়ে স্ত্রী ও দুই কন্যার নামে মোট ১৯ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকার অপ্রদর্শিত অর্থ বৈধ করেন। এসব কাজে সহযোগিতা করার অভিযোগে তার স্ত্রীকেও আসামি করা হয়েছে।
উল্লেখ্য, সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নোটিশ পাওয়ার পর আবুল হোসেন দুদকে ২ কোটি ৯৩ লাখ ১২ হাজার ২৫১ টাকার হিসাব বিবরণী জমা দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/পিসি/এসকে/২০২৫ঘ.
bdnews24