ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয়। মাসদার হোসেন মামলার এ রায়ে আপিল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করে। একই সঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার জন্য সর্বোচ্চ আদালত সরকারকে ১২ দফা নির্দেশনা দেয়।
প্রায় আট বছর পর বাস্তবায়িত হচ্ছে সুপ্রিম কোর্টের সেই রায়। ওই রায়ে সরকারকে দেওয়া সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা সংক্ষেপে তুলে ধরা হল।
১. সংবিধানের ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সব বিভাগের কাজ 'প্রজাতন্ত্রের কর্ম'। তবে বিচার বিভাগের কাজ ও অবকাঠামোর সঙ্গে প্রজাতন্ত্রের 'সিভিল সার্ভিস'র অনেক ভিন্নতা রয়েছে। বিচার বিভাগীয় চাকরিকে নির্বাহী ও প্রশাসনিক চাকরির সঙ্গে মিশিয়ে ফেলা, বিলোপ করা বা প্রতিস্থাপন করা যাবে না।
২. সবিধানের ১১৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বিচারক ও বিচার বিভাগীয় কাজে নিয়োজিত ম্যাজিস্টেটদের জন্য একটি স্বতন্ত্র জুডিশিয়াল সার্ভিস প্রতিষ্ঠা করবেন এবং বিচার কাজের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি সৃষ্টি ও প্রতিষ্ঠা করবেন। রাষ্ট্রপতি এ লক্ষ্যে নিয়োগ বিধি, নিয়োগপূর্ব বিধি, পদ সৃষ্টি, নিয়োগ পদ্ধতি, সাময়িক বরখাস্ত, চূড়ান্ত বরখাস্তও বদলিসহ অন্যান্য বিষয়ে বিধিমালা প্রণয়ন করবেন।
৩. ১৯৮০ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস আদেশ (১৯৮৬ সালের সংশোধনসহ) বলে অন্যান্য নির্বাহী ও প্রশাসনিক ক্যাডারের পাশাপাশি বিসিএস (বিচার) ক্যাডার সৃষ্টি সংবিধানবিরোধী। তাই ১৯৮১ সালের বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট বিধি জুডিশিয়াল সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
৪. সংবিধানের ১১৫ অনুচ্ছেদের বিধান বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতি যাতে বিধিমালা জারি করতে পারেন তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেওয়া হল। এতে সংবিধানের পরিভাষা অনুসরণ করে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য স্বতন্ত্র সার্ভিস গঠন করে এর নাম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস করতে বলা হচ্ছে। আইন তৈরি করে অথবা সংবিধানের ১১৫ অনুচ্ছেদের আওতায় বিধি প্রণয়ন করে কিংবা নির্বাহী আদেশের মাধ্যমে একটি জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করতে বলা হচ্ছে। সুপ্রিম কোর্টের কয়েকজন সিনিয়র বিচারপতি ও অধস্তন আদালতের সিনিয়র জজদের সমন্বয়ে এই জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করতে হবে। এর অধিকাংশ সদস্য থাকবেন সুপ্রিম কোর্ট থেকে। এই কমিশন মেধার ভিত্তিতে এবং পুরুষ ও মহিলাদের মধ্যে সমতা বিধানের লক্ষ্য সামনে রেখে জুডিশিয়াল সার্ভিসে নিয়োগের জন্য দায়িত্বপ্রাপ্ত হবে।
৫. সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের অধীনে এবং ১১৬ ও ১১৬ক অনুচ্ছেদের সঙ্গে সঙ্গতি রেখে সাংবিধানিক মর্যাদা অনুযায়ী বিচার বিভাগীয় কর্মকর্তাদের (বিচার কাজে নিয়োজিত ম্যাজিস্ট্রেটসহ) চাকরির শর্তাবলী যেমন- বদলি, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা (সাময়িক ও চূড়ান্ত বরখাস্ত বাদে), বেতন-ভাতা, পেনশন (অধিকার হিসাবে সহযোগিতা হিসাবে নয়) সম্পর্কে সরকারকে আইন করতে হবে।
৬. বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন কাঠামো সংবলিত সিদ্ধান্ত স্থগিতের ২৮.০২.১৯৯৪ ও ০২.১১.১৯৯৫ তারিখের তর্কিত আদেশ দুইটি বেআইনি ঘোষণা করা হল। তাছাড়া সংবিধানের ১১৫ অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য একটি পৃথক জুডিশিয়াল পে-কমিশন গঠনের জন্য সরকারকে নির্দেশ দেওয়া হল।
৭. বিচার বিভাগীয় কর্মকর্তা ও বিচারিক কাজে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নির্বাহী বিভাগের ওপর স্থান পাবে।
৮. বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানের ১১৬ক অনুচ্ছেদের অনিবার্য শর্ত। এই শর্ত পূরণের জন্য সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের আওতায় আইন, বিধি কিংবা বিধির ক্ষমতাসম্পন্ন নির্বাহী আদেশের মাধ্যমে সংসদ ও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এতে চাকরির মেয়াদকাল, বেতন ও পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধাদির নিশ্চয়তা থাকতে হবে।
৯. সুপ্রিম কোর্টের বাজেটে বরাদ্দ অর্থ থেকে কোন খরচের ক্ষেত্রে নির্বাহী বিভাগের অনুমোদন লাগবে না। ২০০০ সালের ৩১ মের মধ্যে এ সম্পর্কিত প্রয়োজনীয় বিধিবিধান করা এবং আর্থিক ক্ষমতা দেওয়ার জন্য সরকারের প্রতি নির্দেশ দেওয়া হল।
১০. জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা প্রশাসনিক ট্রাইবুনালের আওতাভুক্ত থাকবেন।
১১. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণের জন্য সংবিধানে কোন সংশোধন করার প্রয়োজন নাই। তবে পৃথককরণ আরো অর্থবহ, কার্যকর ও সম্পূর্ণ করতে সংসদ প্রয়োজনে সংবিধান সংশোধন করতে পারে।
১২. জুডিশিয়াল পে-কমিশন বিচার বিভাগীয় সদস্যদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর বিষয়ে যতদিন পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রথম সুপারিশ না করবে ততোদিন পর্যন্ত বর্তমান বেতন কাঠামো অনুযায়ী তারা সব সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে এর মধ্যে অন্যদের বেতন বাড়লে বিচারকদের বেতনও বাড়বে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএসবি/এমএ/২০০৩ ঘ.
bdnews24