ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর খিলগাঁও এলাকায় মঙ্গলবার গভীর রাতে সন্ত্রাসীদের গুলিতে মো. নাছির গাজী (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
নিহতের শ্বশুর আবুল হাশেম সরকার জানান, রাত একটার দিকে নাছির তার এক বন্ধু রুহুল আমিনকে নিয়ে খিলগাঁ জোড় পুকুরের পাশ দিয়ে রিকশায় করে আসার সময় এ ঘটনা ঘটে। এ সময় প্রাইভেট কার করে আসা তিন যুবক তাদের রিকশার গতিরোধ করে এবং নাছিরকে লক্ষ করে গুলি ছোঁড়ে। একইসঙ্গে তারা তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও ব্রেসলেট ছিনিয়ে নেয়।
গুলিবিদ্ধ অবস্থায় রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নাছির নন্দিপাড়া দক্ষিণ গাঁও এলাকার মজিবর রহমান নামের এক ব্যক্তির বাসার চতুর্থ তলায় স্ত্রীকে নিয়ে থাকতেন। স্ত্রী তাহমিনা আক্তার পেশায় একজন শিক্ষিকা। নার্গিস নামের তাদের একটি শিশু সন্তান রয়েছে।
নিহতের গ্রামের বাড়ি বরিশালের বাখেরগঞ্জে।
এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএ/১৫০৭ঘ.
bdnews24