ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এখন থেকে যে কেউ ফ্ল্যাট ক্রয়ের জন্য ১২ শতাংশ সরল সুদে ৫ থেকে ১৫ বছর মেয়াদে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণের আবেদন করতে পারবেন। আপাতত ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এ ঋণ কার্যক্রম চালু করা হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে। আগামী ১ নভেম্বর থেকে এটি কার্যকর হবে।
বুধবার বিএইচবিএফসি এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্পতম সময়ে ফ্ল্যাট কেনার জন্য ঋণ প্রদানে ওই 'অ্যাপার্টমেন্ট ঋণ নীতিমালা-২০০৭' জারি করা হয়েছে। প্রচলিত ফ্ল্যাট ঋণ নীতিমালাটি আরো বাস্তব উপযোগী ও সহজ করে এ নতুন নীতিমালাটি চালু করা হয়েছে এবং এক্ষেত্রে মধ্যবিত্ত ও নিু মধ্যবিত্ত যাদের কোনো বাড়ি বা ফ্ল্যাট নেই তারা অগ্রাধিকার পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "এ ঋণ প্রাপ্তির ক্ষেত্রে নিজস্ব বিনিয়োগের পরিমাণ হবে ২০ শতাংশ। জায়গার অবস্থান, সম্ভাব্য বাড়ি ভাড়া, আবেদনকারীর মাসিক আয়/তার জামিনদারের মাসিক আয়, অন্যান্য আয়, সামাজিক মর্যাদা এসব বিবেচনা করে ঋণ প্রদান করা হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল /এমএ/১৫০৩ঘ.
bdnews24