ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মেজর আখতারুজ্জামান অভিযোগ করেছেন, বারডেম হাসপাতালে ভর্তি তাদের নেতা খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে নেতাকর্মীদের দেখা করতে দিচ্ছে না নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কেবিনের বাইরে ও হাসপাতাল চত্বরে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে খোন্দকার দেলোয়ার হোসেন এবং তার মেয়ের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বারডেম হাসপাতালের একজন যুগ্ম-পরিচালক মঙ্গলবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আখতারুজ্জামান রাত ১০টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েক মিনিট আগেই খোন্দাকার দেলোয়ারের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, তার কেবিনের বাইরে ও হাসপাতাল চত্ত্বরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেছে। ফলে দলের নেতা-কর্মী ও সমর্থকরা তার সঙ্গে দেখা করতে পারছে না।"
তবে এ অভিযোগ অস্বীকার করে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলত আকবর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "খোন্দকার দেলোয়ারের কেবিনের আশেপাশে বা হাসপাতাল চত্ত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়নি। সেখানে আমাদের স্বাভাবিক নিরাপত্তাই রয়েছে। তবে খোন্দকার দেলোয়ার সেখানে চিকিৎসাধীন থাকায় আমরা সতকর্তা অবলম্বন করছি।"
দৌলত আকবর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে আরও জানান, দেলোয়ার, তার মেয়ে ও তার লোকজনের বিরুদ্ধে বারডেম হাসপাতালের যুগ্ম-পরিচালক সাইয়েদ মোর্তুজা খোন্দকার একটি জিডি করেছেন। এতে তিনি অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার রাতে হঠাৎ করে খোন্দকার দেলোয়ার হাসপাতাল ত্যাগ করে অজ্ঞাত স্থানে চলে যান। তিনি মঙ্গলবার সন্ধ্যার পর দেলোয়ার হোসেনের কেবিনে গিয়ে বিনা অনুমতিতে তার হাসপাতাল ত্যাগের কারণ জানতে চান। এ সময় খোন্দকার দেলোয়ার, তার এক চিকিৎসক মেয়ে এবং কেবিনে থাকা কয়েকজন সাইয়েদ মোর্তুজাকে উচ্চস্বরে গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করেন।
এর আগে মঙ্গলবার দুপুরে বারডেম হাসপাতালে খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের বলেন, "একটি মহল বিএনপিকে খণ্ড খণ্ড করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাকে ও আমার পরিবারকে গতকাল রাতে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই মহল জোর করে আমাকে মহাসচিব পদ থেকে সরে যাওয়ার কথাও বলেছে।"
দেলোয়ার হোসেন আরো বলেন, "দলের চেয়ারপারসন আমাকে যে দায়িত্ব দিয়ে গেছেন আমি তা জীবনের বিনিময়ে হলেও নিষ্ঠার সঙ্গে পালন করব।"
তিনি জীবনের নিরাপত্তা চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, প্রধান বিচারপতি ও সেনা প্রধানের কাছে আবেদন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এএনএস/জেকে/এমএইচবি/২৩২৮ ঘ.
bdnews24