ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে সোমবার জেলগেটে টাস্কফোর্স কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জহুরুল হুদার নেতৃত্বে তিন সদস্যের টাস্কফোর্স বিকেল সাড়ে ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত কোকোকে জিজ্ঞাসাবাদ করে। টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন, মেজর মোস্তফা কামাল ও সিআইডির পরিদর্শক নূরুল ইসলাম।
কারা উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের অনুমতি নিয়ে টাস্কফোর্সের কর্মকর্তারা কারাগারের প্রধান ফটকের পাশে চিকিৎসকের কক্ষে কোকোকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় কারা চিকিৎসক ডা. আহসান হাবীব ও কোকোর আইনজীবী আহম্মেদ আজম খান উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট আহম্মেদ আজম খান সোমবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্তের স্বার্থে টাস্কফোর্সের সদস্যরা মামলার সব আসামিকেই জিজ্ঞাসাবাদ করছেন। এরই অংশ হিসেবে তাকে (কোকো) জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি ভীষণ অসুস্থ থাকলেও খোলামেলাভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছেন।"
জিজ্ঞাসাবাদের সময় কোকো তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন বলে জানান অ্যাডভোকেট আজম।
এর আগে গ্যাটকো দুর্নীতি মামলায় আরাফাত রহমান কোকোকে দ্বিতীয় দফা রিমান্ডে নেওয়ার আবেদন সোমবার দুপুরে খারিজ করে দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. মিজানুর রহমান। অবশ্য প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।
সকাল ১১টা ৪০ মিনিটে আরাফাত রহমান কোকোকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। নীল জিন্স প্যান্ট ও ছাই রংয়ের টি শার্ট পরা শ্মশ্র
bdnews24