ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিচার বিভাগ পৃথককরার ক্ষেত্রে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটদের জন্য আদালত কক্ষের ব্যবস্থা করাসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে জেলা প্রকাশকদের কাছে সহায়তা না চাইতে আইন মন্ত্রনালয়ের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ওই আদেশ কেন বাতিল করা হবে না তা ৩০ অক্টোবরের মধ্যে জানাতে আইন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্নাঙ্গ বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালত একইসঙ্গে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটদের আদালত কক্ষসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছে।
গত ২৪ অক্টোবর আইন মন্ত্রণালয় এক চিঠিতে জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের জনবল, এজলাস, গাড়িসহ আনুসঙ্গিক অন্যান্য জিনিস না চাওয়ার জন্য জেলা জজদের অনুরোধ করে।
চিঠিতে বলা হয়, কর্তৃপক্ষের নজরে এসেছে যে, "১ নভেম্বর থেকে বিচার বিভাগ পৃথককরণ কার্যক্রম শুরু করা বিষয়ে বিভিন্ন জেলায় জেলা ম্যাজিস্ট্রেট কোর্টের জনবল, এজলাস, গাড়ি ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে জেলা জজ ও জেলা প্রশাসকের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এ অবস্থা নিরসনের জন্য অবকাঠামোগত বিষয় না চাওয়ার জন্য জেলা জজদের অনুরোধ করা হল। কোন কারণে জেলা প্রশাসকের সহায়তা আবশ্যক হলে আইন মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে যথাযথ নির্দেশনা প্রদান করবে।"
এই চিঠির পরিপ্রেক্ষিতে সুয়োমোটো হিসেবে জারি করা আদেশে সুপ্রিম কোর্ট বলেছে, আইন মন্ত্রণালয়ের এই আদেশ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। ম্যাজিস্ট্রেটদের জন্য ২২৪ টি আদালত কক্ষ আছে জানিয়ে সরকার সুপ্রিম কোর্টে যে হলফনামা জমা দিয়েছে তারও পরিপন্থী এ আদেশ।
২৮ অক্টোবরের মধ্যে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটদের আদালত কক্ষের ব্যবস্থা করতে গত ১৮ সেপ্টেম্বর সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/২১১২ ঘ.
bdnews24