২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বাসচাপায় নিহত ৩, সড়ক অবরোধ

লালমনিরহাট সদর উপজেলায় কুড়িগ্রাম-লালমনিরহাট সড়কে রোববার যাত্রীবাহী একটি বাস একটি রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়ক অবরোধ করে। এদিকে জয়পুরহাট ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরো দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 07:36 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট সদর উপজেলায় কুড়িগ্রাম-লালমনিরহাট সড়কে রোববার যাত্রীবাহী একটি বাস একটি রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই সড়ক অবরোধ করে। এদিকে জয়পুরহাট ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরো দুজন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর লালমনিরহাট সংবাদদাতা জানান, রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বড়বাড়ি আইড়খামার এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক জানান, কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি বাস একটি রিকশা ভ্যানকে চাপা দিলে ভ্যান আরোহী রেজাউল হোসেন, ইউনুস আলী ও করিম নামে তিন জন ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান। পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। এদিকে দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে কুড়িগ্রাম-লালমনিরহাট সড়কে দুপুর ১২টার পর থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে এলাকাবাসীকে শান্ত করলে বেলা আড়াইটার পর গাড়ি চলাচল পুনরায় শুরু হয় বলে ওসি আবু বকর জানান। জয়পুরহাট প্রতিনিধি জানান, কালাই উপজেলার বাঘড়া এলাকায় মোলামগাড়ী-বগুড়া সড়কে রোববার সকালে মোটর সাইকেলের ধাক্কায় পুর্ণিমা নামে ছয় বছরের এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। নিহতের বাড়ি বাঘড়া গ্রামেই। সে বাঘড়া মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়তো। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বেলা ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ায় পথে রাস্তা পার হওয়ার সময় একটি মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় পূর্ণিমা। সঙ্গে সঙ্গে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, সে মারা গেছে। পুলিশ মোটর সাইকেলটি আটক করতে পারেনি। চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, জীবননগর উপজেলার বাকা এলাকায় রোববার সকালে ঢাকা থেকে দর্শনাগামী ঈগল পরিবহনের একটি বাস রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে বাস আরোহী বাবু ঘটনাস্থলেই মারা যায়। ওই দুর্ঘটনায় আহত ১০ জনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জীবননগর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন। নিহত বাবুর বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনার মুবারক পাড়ায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.