২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেয়ার্নের শেয়ার বিক্রির বিষয়টি জানে না পেট্রোবাংলা

খনিজ সম্পদ উত্তোলন ও অনুসন্ধানকারী স্কটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জির হাতে থাকা সাঙ্গু গ্যাসক্ষেত্রের ৩৭ দশমিক ৫ শতাংশ শেয়ার অস্ট্রেলীয় প্রতিষ্ঠান স্যান্টোসের কাছে বিক্রির বিষয়টি পেট্রোবাংলা জানে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খনিজ সম্পদ উত্তোলন ও অনুসন্ধানকারী স্কটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জির হাতে থাকা সাঙ্গু গ্যাসক্ষেত্রের ৩৭ দশমিক ৫ শতাংশ শেয়ার অস্ট্রেলীয় প্রতিষ্ঠান স্যান্টোসের কাছে বিক্রির বিষয়টি পেট্রোবাংলা জানে না। শুক্রবার স্যান্টোস লিমিটেডের পক্ষ থেকে ঘোষণা করা হয়, তারা বাংলাদেশে সাঙ্গু গ্যাসক্ষেত্রের ৩৭ দশমিক ৫ শতাংশ অংশীদারিত্ব এবং কেয়ার্ন এনার্জির কাছ থেকে একটি অনুসন্ধান কাজসহ বাংলাদেশে কেয়ার্নের কিছু সম্পদ কিনে নিয়েছে। তারা ইতোমধ্যে ৫ কোটি ডলার কেয়ার্নকে পরিশোধ করেছে। মনপুরা ও হাতিয়ায় গ্যাস পাওয়া গেলে আরও ২ কোটি ডলার দেওয়া হবে। পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "কেয়ার্নের শেয়ার বিক্রির বিষয়টি আমরা জানি না। আমরা জানতাম কেয়ার্ন অংশীদার খুঁজছে। স্যান্টোসের সঙ্গে তাদের আলোচনা হচ্ছে এটাও আমরা জানতাম। কেয়ার্নের সঙ্গে স্যান্টোসের চুক্তির বিষয়টি তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে এ চুক্তি বাস্তবায়ন করতে হলে পেট্রোবাংলার অনুমোদন নিতে হবে।" তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, খনিজ সম্পদ নিয়ে বিদেশিদের সঙ্গে সরকার যেসব চুক্তি করেছে সেগুলো যথেষ্ট স্বচ্ছভাবে উপস্থাপন করা হয়নি। এগুলো জনগণের সম্পদ। কী কী শর্তে চুক্তি হচ্ছে তা জনগণকে জানাতে হবে। স্যান্টোসের ব্যবস্থাপনা পরিচালক জন ইল্লিস ফ্লিন্ট শুক্রবার ডাও জোনস নিউজওয়্যারকে বলেন, এশিয়া অঞ্চলে প্রবৃদ্ধি বাড়ানোর কৌশল হিসেবেই তার প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই দিনে অস্ট্রেলীয় স্টক এক্সচেঞ্জকে দেওয়া এক চিঠিতে জন ইল্লিস জানান, চলতি বছরের ডিসেম্বর থেকেই বাংলাদেশে কাজ শুরু করবে স্যান্টোস। প্রতিষ্ঠানটি ভারত, মধ্যপ্রাচ্য, এশিয়া ও অস্ট্র্রেলিয়াতেও খণিজ সম্পদ উত্তেলনের কাজ করছে। কেয়ার্ন এনার্জি পরিচালিত ১৬ নম্বর ব্লকে দেশের একমাত্র সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু থেকে প্রতিদিন ৩ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন হয়। এই ক্ষেত্রের মোট মজুদের পরিমাণ ৩৪০০ কোটি ঘনফুট। এই কূপ থেকে গ্যাস উত্তোলনের জন্য সরকার ২০০১ সালে কেয়ার্ন এনার্জির (তৎকালীন নাম শেল) একটি চুক্তি করে। ওই চুক্তি অনুযায়ী, কেয়ার্ন এনার্জি ১৬ নম্বর ব্লকের ৩৭ দশমিক ৫ ভাগ শেয়ারের অংশীদার। একই সঙ্গে তারা ৫ ও ১০ নম্বর ব্লকের ৪৫ ভাগ শেয়ারের মালিক। গত এক বছর ধরেই কেয়ার্ন এনার্জি বাংলাদশে তাদের ব্যবসা বিক্রি করে দেবে বলে আলোচনা চলছিল। এ নিয়ে ভারতীয় প্রতিষ্ঠান ওএনজিসির সঙ্গে আলোচনা হলেও তা এগোয়নি। একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গেও তাদের আলোচনা হয়েছিল বলে জানা গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএআর/জেকে/জিএনএ/১৮৩৪ ঘ.