ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কিছু ক্ষেত্রে বিচারিক ক্ষমতা দেওয়ার জন্য মোবাইল কোর্ট অধ্যাদেশ ২০০৭ নীতিগত অনুমোদন পেয়েছে। শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এসংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
রোববার অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের বৈঠকে এবিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে ১৬ ডিসেম্বরের আগে ত্রিপুরার আমবাশা মহকুমার পূর্ব রায়পুর গ্রাম থেকে বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের মরদেহ বাংলাদেশে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সমন্বিত বহুমাত্রিক পরিবহন নীতিমালাটি আবারো উপস্থাপনের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।
বৈঠকে দ্রব্যমূল্য এবং সার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে । দ্রব্যমূল্য এবং সার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট উপদেষ্টাদের নিয়মিত সাংবাদিকদের ব্রিফ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান্ উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের বলেন, "১৪৪ ধারা জারি, মোবাইকোর্ট পরিচালনা, পরীক্ষার কেন্দ্রে নকল ধরাসহ এ ধরনের কিছু কাজ রয়েছে যা নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা করবেন। এসব কাজের সঙ্গে জড়িতরা নিজেদের অপরাধ স্বীকার করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা তাদের ৩ মাসের কারাদন্ড বা অর্থ দন্ড দিতে পারবেন। তবে কেউ অপরাধ স্বীকার না করলে সেক্ষেত্রে কি হবে, ম্যাজিষ্ট্রেটদের সঙ্গে পুলিশ যাবে কিনা, ইত্যাদি বিষয় সনাক্ত করার জন্য আইন সচিবকে নির্দেশ দেয়া হয়েছে"। তিনি বলেন, "আইন সচিব আগামী কালের বৈঠকেই বিষয়টি পেশ করবেন"।
প্রেস সচিব বলেন,"মোবাইল কোর্ট পরিচালনার জন্য আগে কোন অধ্যাদেশ বা বিধান ছিলনা। এই প্রথম মোবাইল কোর্ট অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে"।
১ লা নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়ে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার পর প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বিয়াম মিলনায়তনে দু'দফা ব্ঠৈক করে। এসব বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এসোসিয়েশনের নেতারা তাদের প্রশাসন ক্যাডার বা নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের কিছু ক্ষমতা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করে। তারা আইন উপদেষ্টার সঙ্গে সভাও করেন। উপদেষ্টা তাদের আশ্বাস দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের কিছু বিষয়ে বিচারিক ক্ষমতা দেওয়া হবে। ১ নভেম্বর্রে আগেই এসংক্রান্ত আইন সংশোধনের কথাও বলেন আইন উপদেষ্টা। তার বক্তব্যের ধারাবাহিকতায় আইন মন্ত্রনালয় থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকে মোবাইল কোর্ট অধ্যাদেশ সংক্রন্ত একটি প্রস্তাব উপস্থাপন করা হয়।
মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবর সনাক্ত করা হয়েছে ভারতের ত্রিপুরার আমবাশা মহকুমার পূর্ব রায়পুরা গ্রামে। বাংলাদেশের একটি প্রতিনিধি দল করবটি সনাক্ত করে। এখন ফ্লাইট লে. মতিউর রহমানের মত হামিদুর রহমানের মরদেহ বাংলাদেশে আনার অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ জানানো হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মরদেহ, বাংলাদেশে আনার পর বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে, মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। বীরশ্রেষ্ঠের মরদেহ বাংলাদেশে আনার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জিএনএ/১৮২২ ঘ.
bdnews24