ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৬তম জাতীয় টিকাদান কর্মসূচি শনিবার শুরু হচ্ছে। একদিন থেকে পাঁচ বছর বয়সী প্রায় আড়াই কোটি শিশুকে এদিন পোলিও টিকা খাওয়ানো হবে।
শনিবার প্রথম রাউন্ডের টিকা খাওয়ানোর পর দ্বিতীয় রাউন্ডের টিকা খাওয়ানো হবে আগামী ৮ ডিসেম্বর।
প্রথম রাউন্ডের টিকা খাওয়ানোর জন্য ইতিমধ্যে এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রে স্থাপন করা হয়েছে। যেসব শিশু আত্মীয়স্বজনের বাড়ি বা বিভিন্ন স্থানে যাতায়াত করবে তাদের টিকা খাওয়ানোর জন্য বাস ও রেলস্টেশন, বিমানবন্দর, লঞ্চঘাট ও বড় বড় ব্রিজের টোল কেন্দ্রে ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
প্রথম রাউন্ডে সব শিশুকে দুই ফোটা পোলিও টিকা খাওয়ানোর সঙ্গে অন্ধত্ব দূর করার জন্য একটি ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। ডিসেম্বরের ৮ তারিখে অনুষ্ঠেয় দ্বিতীয় রাউন্ডে পোলিও টিকার সঙ্গে দুই থেকে পাঁচ বছরের শিশুকে একটি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
গত বৃহস্পতিবার স্বাস্থ্য উপদেষ্টা এ এস এম মতিউর রহমান রাজধানীর মহাখালীর ইপিআই ভবন মিলনায়তনে একটি শিশুকে দুই ফোটা পোলিও টিকা খাওয়ানোর মাধ্যমে ১৬তম জাতীয় টিকা কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় এবার সারাদেশে ২ কোটি ৪০ লাখ শিশুকে টিকা খাওয়ানো হবে। এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রের আওতায় এ কর্মসূচি বাস্তবায়নে অংশ নেবেন ছয় লাখ স্বেচ্ছাসেবক।"
উপদেষ্টা জানান, প্রথম ও দ্বিতীয় রাউন্ডের পর পরবর্তী চারদিন বাদপড়া শিশুদের খুঁজে বের করে টিকা খাওয়ানো হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২০৫৩ ঘ.
bdnews24