নাটোর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা ইব্রাহিম খলিল ফটিকের বিরুদ্ধে শুক্রবার কয়েকশ মানুষ কালীনগর স্কুলমাঠে বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশে গ্রামবাসী সন্ত্রাসের অভিযোগ এনে ফটিক ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানায়। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন ইব্রাহিম খলিল। আর পুলিশ বলছে, ওই এলাকায় দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে। বিষয়টি নজরে রাখা হয়েছে।
শুক্রবার সকালে কালীনগর স্কুলমাঠে কালীনগর, নূরপুর, কৃষ্ণপুর, কলম, মির্জাপুর, চামারী ও নাছিয়ারকান্দির কয়েকশ লোক ইউপি চেয়ারম্যান ও সিংড়া থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ফটিকের বিরুদ্ধে সমাবেশ করেন। তারা ইব্রাহিম খলিল ফটিক ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয় স্কুল শিক্ষক সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, ইব্রাহিম খলিল ফটিক স্থানীয় সরকার অধ্যাদেশ এর বিধান লঙ্ঘন করে চেয়ারম্যান পদে থেকেও বিসিআইসির ডিলার হিসাবে সারের ব্যবসা করছেন।
সমাবেশে উপস্থিত কৃষ্ণনগরের আব্দুল মজিদ জানান, ফটিক চেয়ারম্যান তার বাহিনী দ্বারা স্থানীয় গুড় নদী ও মোল্লারনা খালে অবৈধ সুতি (কারেন্ট জাল) জাল দিয়ে মাছ শিকার করছেন। তার বাহিনীর সদস্য ছাড়া অন্য কেউ সেখানে মাছ ধরতে পারছেন না।
ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ১৯৯৩ সালে ফটিকের লোকজন তার বাবা মোজাহার মেম্বারকে পিটিয়ে গ্রামছাড়া করে। কালীনগর পশ্চিমপাড়ার আশরাফ হোসেনের অভিযোগ, ফটিকের সন্ত্রাসের প্রতিবাদ করায় ১৯৯৮ সালে তাকে গুলি করা হয়। এতে তার বাম চোখ নষ্ট হয়ে গেছে।
সমাবেশে উপস্থিত সিংড়া থানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি ফজলার রহমান ফুনু জানান, সাধারণ মানুষকে নির্যাতন করতে দেখে আমি ফটিকের কাছ থেকে সরে এসেছি। নির্যাতিতদের সঙ্গে মিলেমিশে ফটিকের অন্যায়ের প্রতিবাদ করছি।
সমাবেশে কলম ইউনিয়ন বিএনপির সভাপতি সামশুল ইসলাম বুলবুল, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবীর উদ্দিন উপস্থিত ছিলেন।
এদিকে চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
ইব্রাহিম খলিল ফটিক বলেন, "ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।"
তিনি বলেন, "জাল-জলাশয় নিয়ে গ্রামে কিছু সন্ত্রাসী ঘটনা ঘটলেও সে সবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।"
এ বিষয়ে জানতে চাইলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার রহমান গাজ্জালি সাংবাদিকদের বলেন, "আমরা শুনেছি ইব্রাহিম খলিল ফটিক ও ফজলার রহমান ফুনু সাহেব সাংবাদিকদের কাছে পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। কিছু কিছু পত্রিকায় লেখালেখিও হয়েছে। আমরা তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছি।"
ইব্রাহিম খলিল ফটিকের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, "এ সব মামলায় তিনি আদালত থেকে জামিন নিয়েছেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24