২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে কমিশনের ব্যাখ্যা ভুল: ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বৃহস্পতিবার বলেছে, স্থানীয় সরকার নির্বাচনকে অরাজনৈতিক বলে নির্বাচন কমিশন যে ব্যাখ্যা দিয়েছে সেটা ভুল। পার্টি মনে করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্থানীয় সরকার একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক দলের অংশগ্রহণের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য ওয়ার্কার্স পার্টি কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 05:06 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বৃহস্পতিবার বলেছে, স্থানীয় সরকার নির্বাচনকে অরাজনৈতিক বলে নির্বাচন কমিশন যে ব্যাখ্যা দিয়েছে সেটা ভুল। পার্টি মনে করে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্থানীয় সরকার একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক দলের অংশগ্রহণের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য ওয়ার্কার্স পার্টি কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে। পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার লক্ষ্যে দলের প্রস্তাব অনুমোদনের জন্য অনুষ্ঠিত পার্টির পলিটব্যুরোর বৈঠকে নেতারা এ বক্তব্য দিয়েছেন। ১৪ দলের সঙ্গে আলোচনা করে ওয়ার্কার্স পার্টি তার প্রস্তাব চূড়ান্ত করবে। আগামী ২৭ নভেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে পার্টির আলোচনা হওয়ার কথা রয়েছে। ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়, "রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের শর্ত নিয়ন্ত্রণমূলক। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নিবন্ধন বিধি যথাযথভাবে প্রণয়ন করতে হবে।" জাতীয় সংসদ নির্বাচন করা মূল সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনকে মনোযোগী হওয়ারও আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে পলিটব্যুরোর বৈঠকে সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, হায়দার আকবর খান রনো, নুরুল হাসান, আনিসুর রহমান মল্লিক, হাফিজুর রহমান, শফিউদ্দিন আহমেদ, ফজলে হোসেন বাদশা, আজিজুর রহমান ও নূর আহমদ বকুল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এমএসবি/২৩০০ ঘ.