২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো ঈদ বোনাস না দেওয়ায় মংলা বন্দরে শ্রমিক ধর্মঘট

রোজার ঈদের পুরো বোনাস না পাওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছে মংলা বন্দরের শ্রমিকরা। ফলে বন্দরে জাহাজ থেকে মালামাল খালাসের কাজ দুপুরের পর থেকে বন্ধ রয়েছে। বন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিলেও প্রায় তিন হাজার শ্রমিকদের কাজে ফেরানো যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 04:39 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

বাগেরহাট, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রোজার ঈদের পুরো বোনাস না পাওয়ায় বৃহস্পতিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছে মংলা বন্দরের শ্রমিকরা। ফলে বন্দরে জাহাজ থেকে মালামাল খালাসের কাজ দুপুরের পর থেকে বন্ধ রয়েছে। বন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিলেও প্রায় তিন হাজার শ্রমিকদের কাজে ফেরানো যায়নি। মংলা বন্দর ডক শ্রমিক পরিচালনা বোর্ডের কর্মকর্তা পান্না লাল দে জানান, "শ্রমিকদের এবার ১৫৫০ টাকা করে ঈদ বোনাস দেওয়ার কথা ছিল। এর মধ্যে এক হাজার টাকা করে দেওয়া হয়েছে। বাকি টাকা বুধবারের মধ্যে পরিশোধের কথা থাকলেও অর্থের অভাবে তা করা যায়নি। এ অবস্থায় শ্রমিকরা বৃহস্পতিবার দুপুরের পালা থেকে গ্যাং বুকিং বন্ধ করে ধর্মঘটে যায়।" তিনি জানান, সমঝোতার জন্য মংলা বন্দর কর্তৃপক্ষ ও ডক শ্রমিক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আশরাফ মোহম্মদ ইকবাল এবং মংলা নৌ-কনটিনজেন্টের লেফটেনেন্ট মোয়াজ্জেম শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছেন। শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা চলছে। বন্দরে নোঙর করা এমভি ভুশানের শিপিং এজেন্ট ইউএসএস শিপিং লাইনস এর স্বত্বধিকারী এরশাদ আলী আজাদ জানান, বৃহস্পতিবার দুপুরে জাহাজটি বন্দরের জেটিতে ঢুকেছে। শ্রমিকরা গ্যাং বুকিং না দেওয়ায় তার প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২০৩ ঘ.